ময়মনসিংহে ছুরিকাঘাতে একজনের মৃত্যু, বাবা-ছেলে আটক

ছুরিকাঘাত
 প্রতীকী ছবি

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুল বারেক (৬৩) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ শহরতলির চর কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত জুলু মিয়া ও তাঁর ছেলে রূপক মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চর কালীবাড়ি এলাকার আবদুল বারেকের সঙ্গে একই এলাকার জুলু মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। আজ দুপুরে আবদুল বারেক বিরোধপূর্ণ ওই জমিতে কাজ করতে গেলে জুলু মিয়ার লোকেরা বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বারেককে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় ব্যক্তিরা বারেককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে জুলু মিয়া ও রূপক মিয়াকে আটক করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।