দুই দিন আগে বাড়ি থেকে তুলে নেওয়া পাঁচজনকে পাওয়া গেল র‌্যাবের কার্যালয়ে

প্রতারণার অভিযোগে হওয়া একটি মামলার আট আসামিকে গণমাধ্যমের সামনে হাজির করে র‍্যাব। আজ শনিবার র‍্যাব-১২ কুষ্টিয়া কার্যালয়ে
ছবি: প্রথম আলো

গত বুধবার রাতে কুষ্টিয়া কুমারখালী উপজেলা থেকে মাদ্রাসার তিন শিক্ষকসহ নিখোঁজ পাঁচজনের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজের দুই দিন পর আজ শনিবার বেলা ১১টায় র‍্যাব-১২ কুষ্টিয়া কার্যালয়ে তাঁদের দেখা গেছে। গতকাল শুক্রবার কুমারখালী থানায় প্রতারণার অভিযোগে হওয়া একটি মামলার আট আসামিকে গণমাধ্যমের সামনে হাজির করে র‍্যাব। তাঁদের মধ্যে নিখোঁজ পাঁচজনকে দেখা যায়। গতকাল দিবাগত রাত ১১টার পর কুষ্টিয়া ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে এই আটজনকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব দাবি করেছে।

র‍্যাব বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি সানরাইজ বিজনেস সার্ভিস লিমিটেড (এসবিএসএল) কর্মকর্তা। প্রতারণার মাধ্যমে তাঁরা গ্রাহকদের কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনার বিস্তারিত জানাতে আজ বেলা ১১টায় র‍্যাব-১২ কুষ্টিয়া কার্যালয়ের সংবাদ সম্মেলন করেন ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার বেতবাড়িয়া গ্রামের মো. আবদুল জলিলের ছেলে মো. হাসান আলী (২৮), মহেন্দ্রপুর গ্রামের মৃত আমজেদ আলীর ছেলে আবদুল হান্নান (৪৩), ওয়াসী গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে ও শহীদ নগর শৈলকুপা মাদ্রাসার কম্পিউটার শিক্ষক মোস্তফা রাশেদ পান্না (৪৭), বাঁশগ্রাম গ্রামের মৃত আলাউদ্দিন বিশ্বাসের ছেলে ও বাঁশগ্রাম কামিল মাদ্রাসার শিক্ষক আইয়ুব আলী (২৮) এবং বহলবাড়িয়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ও লক্ষ্মীপুর মসজিদে ইসলামিক ফাউন্ডেশনে মসজিদভিত্তিক শিশুশিক্ষা কার্যক্রমের শিক্ষক হাফিজুর রহমান (২৮)।

এই পাঁচজনকে বুধবার রাতে নিজ নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবার থেকে অভিযোগ করা হয়।

র‍্যাবের দেওয়া তথ্যে জানা গেছে, গ্রেপ্তার আসামিরা প্রাথমিকভাবে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।

তবে র‍্যাব বলছে, পাঁচজনই প্রতারক চক্রের সদস্য। গতকাল রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এই পাঁচজনের দেওয়া তথ্যমতে, ঢাকার মিরপুর এলাকা থেকে এসবিএসএল কোম্পানির চেয়ারম্যান ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরআউশিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (২৯), ব্যবস্থাপনা পরিচালক মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের আবদুল গফুরের ছেলে মহসীন আলী (৩১) এবং পরিচালক (অর্থ) কুষ্টিয়া কুমারখালী উপজেলার গোবরা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে ইমরান হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, প্রতারক চক্রটি গ্রাহকদের অধিক মুনাফার লোভ দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। প্রতারণার ফাঁদে পড়ে অন্তত ৩০০ পরিবার সর্বস্বান্ত হয়েছে। কুষ্টিয়া ছাড়া ঝিনাইদহ, মাগুরা, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী জেলায় তাদের ব্যবসা বিস্তৃত ছিল।

যেভাবে প্রতারণা

সানরাইজ বিজনেস সার্ভিস লিমিটেড বা এসবিএসএল নামে এমএলএম কোম্পানিটি নিজেদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে গ্রাহকদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে ১ হাজার ২০০ টাকা দিয়ে কোম্পানির আইডি খুলতে বলত। প্রতি আইডি থেকে প্রতিদিন ১০ টাকা ও আইডি বাবদ প্রদান করা ১ হাজার ২০০ টাকার সমমূল্যের পণ্য দেওয়ার আশ্বাস দেওয়া হতো। শুরুর দিকে কিছু গ্রাহক টাকা ও পণ্য পাওয়ার কারণে অনেকেই আইডি খুলতে উৎসাহিত হয়েছিলেন। একসময় গ্রাহকদের লভ্যাংশের টাকা দিতে ব্যর্থ হয়ে আত্মগোপনে চলে যায় প্রতারক চক্রটি। লগ্নি করা টাকা হারিয়ে শত শত গ্রাহক দিশাহারা হয়ে পড়েন।

এমন প্রতারণার অভিযোগে ভুক্তভোগী এক গ্রাহক গতকাল প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে কুমারখালী থানায় একটি মামলা করেন। এই চক্রকে গ্রেপ্তার করতে র‍্যাব গতকাল দিবাগত রাত সাড়ে ১১টায় অভিযান চালায়।

র‍্যাবের দেওয়া তথ্যে জানা গেছে, গ্রেপ্তার আসামিরা প্রাথমিকভাবে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর ও কুমারখালী থানায় দুটি, চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে চেক জালিয়াতির দুটি মামলা, ব্যবস্থাপনা পরিচালক মহসিন আলীর বিরুদ্ধে একটি চেক জালিয়াতি ও পাঁচটি স্ট্যাম্প জালিয়াতির মামলা এবং পরিচালক (অর্থ) ইমরান হোসেনের বিরুদ্ধে চেক জালিয়াতির দুটি মামলা রয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গতকাল বিকেলে একজন ভুক্তভোগী থানায় মামলা করেছেন। র‍্যাব আসামি গ্রেপ্তার করেছে। আসামি থানায় হস্তান্তর হওয়া মাত্রই তাঁদের আদালতে নেওয়া হবে। রিমান্ডের আবেদন করা হবে।