এসএসসির ফলাফল

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-৫–এ মেয়েরা এগিয়ে, পাসের হার ৮৯ শতাংশ

এসএসসির ফল প্রকাশ
ফাইল ছবি

ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে ২০২২ সালের এসএসসির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯৭ হাজার ৮৮২ জন। পাসের হার ৮৯ দশমিক শূন্য ২ শতাংশ। ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে। আজ সোমবার প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার ৯৫২ জন। এবার ১৫ হাজার ২১৬ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ৮ হাজার ৪৪৮ জন। আর জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৬ হাজার ৭৬৮ জন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ বোর্ডে বিজ্ঞান বিভাগের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৪ হাজার ১৪৮ জন। উত্তীর্ণ হয়েছে ৩৭ হাজার ৪৫২ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৮ দশমিক ১৮। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৯৩৭ জন। মানবিক বিভাগ থেকে ৬৩ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় । তাঁদের মধ্যে ৫২ হাজার ৯৭৭ জন পাস করেছে। পাসের হার ৮৩ দশমিক ৩৫। ১ হাজার ৩৭ জন জিপিএ-৫ পেয়েছে।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট ৮ হাজার ৩৪১ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৪৫৩ জন। পাসের হার ৯০ দশমিক ৪৪। আর জিপিএ-৫ পেয়েছে ২৪২ জন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামছুল ইসলাম বলেন, দেশের নবীনতম এ শিক্ষা বোর্ডের ফলাফল এবার সন্তোষজনক হয়েছে। করোনা মহামারির পর এ ফলাফল সবার জন্যই আনন্দের। ৬৪ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে।