নিষেধাজ্ঞার আগের রাতে জমজমাট ইলিশের বাজার, দাম চড়া

নিষেধাজ্ঞা শুরু আগে গতকাল সন্ধ্যার পর থেকে বাজারে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শহরের পালং বাজারে
ছবি: প্রথম আলো

মা ইলিশ সংরক্ষণে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। টানা ২২ দিন ইলিশ শিকার, বিপণন, মজুত ও পরিবহন বন্ধ থাকবে। এ কারণে গতকাল রাতে শরীয়তপুরে বিভিন্ন বাজারে ইলিশের জমজমাট বেচাকেনা হয়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, চাহিদা বেশি থাকায় বিক্রেতারা বেশি দামে ইলিশ বিক্রি করেছেন।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইলিশের মৌসুমের শেষ দিকে মা ইলিশ মিঠা পানিতে ডিম দেয়। এ কারণে গতকাল মধ্যরাত থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করবে সরকার।

বড় ইলিশগুলো ১৩০০ টাকা হতে ১৬০০ টাকা কেজিদরে বিক্রি হয়েছে। এ ছাড়া ছোট আকারের ইলিশগুলো বিক্রি হয়েছে প্রতি কেজি ৮০০ টাকা থেকে ১২০০ টাকা দরে।

নিষেধাজ্ঞা শুরু আগের দিন শরীয়তপুরের মাছের বাজারগুলোতে ক্রেতাদের আনাগোনা বেড়ে যায়। বিশেষ করে গতকাল সন্ধ্যার পর বাজারে ভিড় বাড়তে থাকে। শহরের পালং বাজার, কোর্ট বাজার, আংগারিয়া বাজার, নড়িয়ার ভোজেশ্বর বাজার ঘুরে দেখা যায়, ৪০০ গ্রাম হতে ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে। এর মধ্যে বড় ইলিশগুলো ১৩০০ টাকা হতে ১৬০০ টাকা কেজিদরে বিক্রি হয়েছে। এ ছাড়া ছোট আকারের ইলিশগুলো বিক্রি হয়েছে প্রতি কেজি ৮০০ টাকা থেকে ১২০০ টাকা দরে।

পালং বাজারের মাছ ব্যবসায়ী লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, আগামী ২২ দিন বাজারে ইলিশ মাছ বিক্রি বন্ধ থাকবে। তাই ক্রেতাদের আগ্রহের কথা চিন্তা করে মাছ বেশি আনা হয়েছে। রাত ১২টা পর্যন্ত তিনি মাছ বিক্রি করেছেন। দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের চাহিদা আছে বলে জানান তিনি।

বাজারের বড় ইলিশগুলো ১৩০০ টাকা হতে ১৬০০ টাকা কেজিদরে বিক্রি হয়েছে

শহরের কোর্ট এলাকার মাছ ব্যবসায়ী মোশারফ হোসেন পদ্মা ও মেঘনা নদীর ইলিশ বিক্রি করেন। তিনি প্রথম আলোকে বলেন, এখন ইলিশের মৌসুম শেষ পর্যায়ে। নদীতে ডিমওয়ালা মাছ আছে। এরপর প্রায় তিন সপ্তাহ বাজারে মাছ থাকবে না। তাই শেষ দিনে বেচাকেনা ভালো হয়েছে। বড় আকারের ইলিশ তিনি ১৬০০ টাকা ও ৪০০-৬০০ গ্রাম আকারের ইলিশ ৮০০ টাকা হতে ১২০০ টাকা দামে বিক্রি করেছেন।

মাছ কিনতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেষদিনে ইলিশের দাম বেড়ে গেছে। শহরের নিরালা আবাসিক এলাকার বাসিন্দা বাপ্পি বণিক প্রথম আলোকে বলেন, ‘এখন ইলিশের যে স্বাদ, কিছুদিন পর সেটা আর থাকবে না। তাই মৌসুমের শেষ ইলিশের স্বাদ নেওয়ার জন্যই রাতে বাজার থেকে ইলিশ কিনেছি। কিন্তু দাম বেশি। ক্রেতার চাপ বেশি থাকায় দাম বেশি নেওয়া হচ্ছে।’

শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার প্রথম আলোকে বলেন, রাত ১২টা থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। তাই জেলে ও মাছ ব্যবসায়ীরা বেশি বেশি ইলিশ বাজারে তুলেছেন। এ কারণে রাতেও ইলিশ বিক্রি হচ্ছে। মা ইলিশ সংরক্ষণ সফল করতে মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, নৌ–পুলিশ ও নৌবাহিনী প্রস্তুত রয়েছে। আজ সকাল থেকে নদীতে নিয়মিত টহল ও অভিযান চালানো হচ্ছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।