আ.লীগ আগামী দিনেও দেশে নেতৃত্ব দেবে: দীপু মনি

মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী দীপু মনি
ছবি: প্রথম আলো

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় দল। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে একমাত্র নারীর উপস্থিতি এত বেশি। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলে এত নারীর অংশগ্রহণ নেই। একমাত্র আওয়ামী লীগই দেশে নির্বাচনী আইনগুলো মেনে দল পরিচালনা করে। দেশের আইন মেনেই আওয়ামী লীগ বাংলাদেশে দল পরিচালনা করে। অতএব নেতৃত্বে নারীরা আছেন, পুরুষেরাও আছেন। নবীন–প্রবীণ আছেন। সবার সমন্বয়ে আওয়ামী লীগ এত দিন যেভাবে নেতৃত্ব দিয়ে গেছে, আগামী দিনেও দেশে বাঙালিদের নেতৃত্ব দেবে।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগদান শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এসব কথা বলেন।

দীপু মনি আরও বলেন, আওয়ামী লীগ এমন একটি সংগঠন, যারা এ দেশে ভাষার অধিকার এনে দিয়েছে, স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। এমনকি বাঙালির গণতন্ত্র পুনরুদ্ধারের সব আন্দোলনের নেতৃত্ব দিয়ে তা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। আজ দেশের উন্নয়নের যে স্বপ্ন বাঙালি দেখছে, তা আওয়ামী লীগের জন্যই সম্ভব হয়েছে। কাজেই ঐতিহ্যবাহী এই দলের ত্রিবার্ষিক সম্মেলনের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে থাকবে। তবে আওয়ামী লীগ যেহেতু আইন মেনে দল পরিচালনা করে, তাই আওয়ামী লীগ এখন বাঙালিকে নেতৃত্ব দিচ্ছে। আগামী দিনেও নেতৃত্ব দিয়ে বাঙালির সব আশা–আকাঙ্ক্ষা পূরণ করবে।

বই বিতরণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ জন্য ১ জানুয়ারিতে যেন শিশুরা নতুন বই হাতে পায়, তার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষ। আজ সমাপনী দিনে সকাল নয়টায় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা শাড়ি পরে স্কুল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে তাঁরা একত্রিত হয়ে আলোচনা সভা, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী মিলনমেলার আয়োজন করেন।

চাঁদপুর সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। পরে স্কুলের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র জিল্লুর রহমান।