লাশ
লাশ

বনে পাওয়া গেল চালকের ক্ষতবিক্ষত লাশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর-সিটপাড়া এলাকায় বনের ভেতর মো. হৃদয় (২৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের অদূরে পাওয়া গেছে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি।

হৃদয় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাতিখোলা গ্রামের সুজন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার বাঘমারা কলেজপাড়া এলাকায় বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

স্থানীয় লোকজন বলেন, রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর-সিটপাড়া এলাকায় সড়কের পাশে একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টো হয়ে পড়ে থাকতে দেখেন কয়েকজন পথচারী। তাঁরা আশপাশে অটোচালকের খোঁজ করতে থাকেন। সড়কের পাশের শালবনের ভেতরে চালকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। লাশের মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। ঘটনাটি পুলিশকে জানানো হলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। লাশের সঙ্গে থাকা মুঠোফোনের সূত্র ধরে পুলিশ স্বজনদের সঙ্গে যোগাযোগ করে নিহত যুবকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মো. হৃদয় তাঁর অটোরিকশা নিয়ে বের হন। তিনি ওই সড়কে নিয়মিত অটোরিকশা চালাতেন। কারা হৃদয়কে হত্যা করেছে, পরিবার তা বুঝতে পারছে না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে একটি রক্তমাখা ছুরি পাওয়া গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।