পুলিশের হাতে কামড় দিয়ে পালানো মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ পালানো মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন ওরফে বয়াতিকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পালানোর ১৭ দিন পর গতকাল শনিবার রাতে সোনাইমুড়ী উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইসমাইল উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইয়েরটেক এলাকার নোয়াব আলী স্বর্ণকার বাড়ির আলী আজমের ছেলে। গত ২৮ সেপ্টেম্বর গাঁজাসহ তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ তিনি পালিয়ে যান। ওই রাতে হাতকড়া উদ্ধার করা গেলেও ইসমাইলকে পাওয়া যায়নি।

জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ২৮ সেপ্টেম্বর বিকেলে ইসমাইলকে আটক করে গাড়িতে তোলার সময় তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা করেন। এ সময় ইসমাইল পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়া নিয়ে পালিয়ে যান। গতকাল শনিবার রাতে প্রযুক্তির সহায়তা নিয়ে জেলার সোনাইমুড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।