
ভোলার লালমোহন উপজেলায় ছয় পা-বিশিষ্ট একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরটি দেখতে ভিড় করছে কৌতূহলী মানুষ।
আজ শুক্রবার ভোরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চর উমেদ গ্রামে বাছুরটির জন্ম হয়। জন্মের পর দেখা যায়, স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি ঘাড়ের কাছে এটির অতিরিক্ত দুটি পা আছে।
গরুটির মালিক শাহাবুদ্দিন মিয়া বলেন, প্রথমে তাঁরা আতঙ্কিত হলেও প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে আশ্বস্ত হয়েছেন। বাছুরটি সুস্থ আছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে।
এ বিষয়ে লালমোহন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন গোলাম মোস্তফা বলেন, এ ধরনের ঘটনা বিরল। সাধারণত জিনগত ত্রুটি বা ভ্রূণের বিকাশজনিত জটিলতার কারণে অতিরিক্ত অঙ্গ সৃষ্টি হতে পারে। বাছুরটি বর্তমানে সুস্থ আছে। বড় হলে প্রয়োজন অনুযায়ী অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত পা অপসারণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
বাছুরটির জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে মানুষ ভিড় করে। স্থানীয় লোকজনের দাবি, এলাকায় এ ধরনের ঘটনা আগে দেখা যায়নি।