নোয়াখালী বিশ্ববিদ্যালয়

পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন। আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে
ছবি: প্রথম আলো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তাঁরা ওই কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহাম্মদ আলমগীর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে পোষ্য কোটায় (বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের সন্তান) যেসব শিক্ষার্থী গুচ্ছ (জিটিএ) ভর্তি পরীক্ষায় ২৫ শতাংশ নম্বর পেয়েছেন, সেসব শিক্ষার্থীকে ভর্তির লক্ষ্যে আগামী ১ ফেব্রুয়ারি রেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক।

শিক্ষার্থীদের অভিযোগ, যেখানে অনেক শিক্ষার্থী ৫০ শতাংশ নম্বর পেয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান না, সেখানে শুধু বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তান হয়ে অনুত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দেওয়া হয়েছে এই চিঠির মাধ্যমে। এই দ্বৈত নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। শিক্ষার্থীরা জানান, তাঁরা জেনেছেন, এবার ভর্তি পরীক্ষায় পাস নম্বর ধরা হয়েছে ৩০। রেজিস্ট্রার কার্যালয়ের ওই চিঠিতে আরও ৫ নম্বর কম—২৫ নম্বর পাওয়া শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দেওয়া হয়েছে। এক বিশ্ববিদ্যালয়ে দুই নিয়ম চলতে পারে না। তাই ভর্তির ক্ষেত্রে কোটার পরিবর্তে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করতে হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে যান। তাঁরা শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে আশ্বাস দেন। এরপর বেলা তিনটার দিকে শিক্ষার্থীরা তাঁদের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন।

চিঠির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহাম্মদ আলমগীর সরকার আজ সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার নার্গিস আক্তার হেলালী পোষ্য কোটায় ভর্তির ওই চিঠিটি তাঁর কাছে নিয়ে এসেছিলেন। তিনি (নার্গিস আক্তার) কয়েকজনের সামনে স্বাক্ষর করার পর তিনি (আলমগীর সরকার) চিঠিতে স্বাক্ষর করেছেন। ১১ জানুয়ারি ভর্তি কমিটির সভায় পোষ্য কোটায় ভর্তির ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একই বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. দিদার-উল-আলমকে মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি। পরে কথা হয় প্রক্টর ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নেওয়াজ মোহাম্মদ বাহাদুরের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘সিদ্ধান্তটি ভর্তি কমিটির। এখন বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা আপত্তি জানিয়েছেন। এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে আমরা পুনরায় বসে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন শিক্ষকেরাও। প্রথম আলোর সঙ্গে আলাপকালে একাধিক জ্যেষ্ঠ শিক্ষক বলেন, যেখানে ভর্তি পরীক্ষার পাস নম্বরই ৩০, সেখানে ওই নম্বরের চেয়ে কম নম্বর পাওয়া শিক্ষার্থীদের ভর্তির কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এ ধরনের সিদ্ধান্ত মেধাবী শিক্ষার্থীদের চরমভাবে অবমূল্যায়ন করার শামিল। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিত।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ জসিম উদ্দীন প্রথম আলোকে বলেন, পোষ্য কোটায় যাঁরা ভর্তির আবেদন করেছেন, তাঁদের আবেদন বিবেচনায় নিয়ে ভর্তি কমিটির সভায় আলোচনা হয়। আলোচনায় এবারের ভর্তি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক পোষ্য কোটায় ২৫ নম্বর বা ততোধিক নম্বর পাওয়া শিক্ষার্থীদের ভর্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।