কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক ব্যাংক এজেন্টের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মধ্যমপাড়া এলাকায় একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম রেদোয়ান হোসেন (রিফাত)। তিনি মধ্যমপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনা করতেন রেদোয়ান (৩৫)। গত মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। আটক তরুণের নাম আবরাদ হাসান (সজিব)। তিনি কিশোর গ্যাং সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে লালমাই বাজারে রেদোয়ানের সঙ্গে আবরাদের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন রাত থেকে রেদোয়ান নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে বাবা দেলোয়ার হোসেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজ দুপুরে শিবপুর মধ্যমপাড়া এলাকায় সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে তাঁর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে।
বাবা দেলোয়ার হোসেনসহ পরিবারের সদস্যদের অভিযোগ, রেদোয়ানের কাছে পাশের এলাকা বড় ধর্মপুর গ্রামের আবরাদ হাসান (২২) গত মঙ্গলবার চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রেদোয়ানকে মারধর করা হয় এবং তাঁর ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলা হয়। রেদোয়ান হোসেনের নিখোঁজ হওয়া ও মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে স্বজন ও স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।
দেলোয়ার হোসেন বলেন, তাঁর ছেলে অনেক কষ্ট করে এজেন্ট ব্যাংকটি পরিচালনা করছিল। কিশোর গ্যাং সদস্য আবরাদ মাঝেমধ্যে সেখানে গিয়ে ঝামেলা করত। ভেবেছিলেন, সময়ের সঙ্গে এসব ঠিক হয়ে যাবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান বাবা।
তবে পুলিশ বলছে, রেদোয়ানের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আবরাদকে আটক করেছে পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জানায়, নিখোঁজ হওয়ার দিন মঙ্গলবার মধ্যরাতে ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে রেদোয়ানকে হেঁটে যেতে দেখা গেছে। ওই সময় তাঁকে অনেকটা বেসামাল অবস্থায় মনে হয়েছে। তিনি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে মারা গেছেন কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। ওই সিসিটিভি ফুটেজ এরই মধ্যে পুলিশ সংগ্রহ করেছে।
এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। আবরাদ হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।