একটি বাড়িতে লুটপাটের চিত্র। শুক্রবার সকালে গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের ভেরামতলী গ্রামের দরগারচালা এলাকায়
একটি বাড়িতে লুটপাটের চিত্র। শুক্রবার সকালে গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের ভেরামতলী গ্রামের দরগারচালা এলাকায়

শ্রীপুরে অসুস্থ বোধ করে ঘুমিয়ে পড়েন আগেভাগে, উঠে দেখেন তিন বাড়িতে লুটপাট

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অল্প দূরত্বে তিনটি বাড়ি। সকাল থেকে এসব বাড়ির প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েন। রাতে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে তিনটি বাড়িতে লুটপাট চালানো হয়। স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র ও টাকাপয়সা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ভেরামতলী গ্রামের দরগারচালা এলাকায় এ ঘটনা ঘটে।

দরগারচালা এলাকার মো. মোকসেদ আলী, আনিসুর রহমান ও মো. ইউসুফের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার বর্ণনা দিয়ে মো. মোকসেদ আলী প্রথম আলোকে বলেন, তাঁর পরিবারের পাঁচ সদস্য বৃহস্পতিবার সকাল থেকে অসুস্থ বোধ করছিলেন। তাঁর ছেলে মো. মাসুম একটি কারখানায় চাকরি করেন। অসুস্থ বোধ করায় তিনি দুপুরে বাড়ি ফিরে আসেন। অসুস্থ থাকায় রাতে পাশাপাশি তিনটি কক্ষে সবাই আগে আগে ঘুমিয়ে পড়েন। পরে গতকাল শুক্রবার সকাল ছয়টায় ঘুম থেকে উঠে দেখেন, বাড়িতে লুটপাট চালানো হয়েছে।

মোকসেদ আলীর মেয়ে মোছা. মালা বলেন, রাতে তাঁর গলা থেকে সোনার চেইন নেওয়ার সময় তিনি বুঝতে পরেন। তবে এ সময় দুর্বৃত্তরা তাঁর গলায় ছুরি ধরে জিম্মি করে ফেলে। ফলে তিনি চিৎকার করে কাউকে ডাকতে পারেননি। পাশে থাকা তাঁর মেয়ের গলা থেকেও সোনার চেইন খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে দুর্বৃত্তরা বাড়ির প্রতিটি ঘর তছনছ করে সোনা–রুপার অলংকার ও টাকা নিয়ে গেছে।
মোকসেদ আলীর বাড়ির তিনটি বাড়ির পর আনিসুর রহমানের বাড়ি। সেখানেও একই কায়দায় লুটপাট করেছে দুর্বৃত্তরা। বাড়িটির চার সদস্য বৃহস্পতিবার সকাল থেকে অসুস্থ বোধ করেন। সন্ধ্যায় তাঁরা ঘুমিয়ে পড়েন। এরপর গতকাল সকালে উঠে দেখেন ঘরের দরজা খোলা। জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

আনিসুর রহমানের ভাগনে মো. আরিফ ‍সিকদার প্রথম আলোকে বলেন, আনিসুর রহমান, তাঁর বাবা ঝুমুর আলী, স্ত্রী সালমা ও সন্তান মো. সানি বৃহস্পতিবার সকাল থেকে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের প্রত্যেকেই ঘুমঘুম অনুভব করছিলেন। এরপর সবাই অন্য দিনের তুলনায় আগেভাগে ঘুমিয়ে পড়েন। পরে সকালে দেখেতে পান, তাঁদের ঘরে লুটপাট হয়েছে। ৩০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাঁদের ধারণা, খাবারের সঙ্গে কিছু মিশিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। কাঠের দরজার একটি জায়গায় সামান্য ফাঁকা ছিল। সেখান দিয়ে কৌশলে দরজা খোলা হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।

বাড়িতে লুটপাটের খবর পেয়ে স্থানীয় উৎসুক লোকজন এসে ভিড় করেন। শুক্রবার সকালে গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের ভেরামতলী গ্রামের দরগারচালা এলাকায়

আনিসুর রহমানের বাড়ির দুটি বাড়ির পর সাবেক সেনাসদস্য মো. ইউসুফের বাড়ি। ইউসুফ বলেন, তাঁর বাড়িতে কেউ থাকেন না। ঘর সব সময় তালাবন্ধ থাকে। তিনি অন্য স্থানে থাকেন। গ্রামে অভিনব কায়দায় লুটপাট হয়েছে খবর পেয়ে এসে দেখেন, তাঁর ঘরের দরজাও খোলা। ভেতরে জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। তাঁর ধারণা, দুর্বৃত্তরা কৌশলে দরজা খুলে ভেতরে গিয়ে মূল্যবান জিনিসপত্র নিতে চেষ্টা করেছে।
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, গত বছরের ডিসেম্বরের শুরুতে একই গ্রামে মো. আবদুল করিমের বাড়িতে একই কায়দায় লুটপাট হয়েছিল।

এর আগে গত সোমবার রাত দুইটার দিকে শ্রীপুরের দক্ষিণ সিমলাপাড়া গ্রামে মোটরসাইকেল মেকানিক জামাল মাসুদের বাড়িতে একই ধরনের ঘটনা ঘটেছে। ওই দিন সকাল থেকে জামালসহ পরিবারের পাঁচ সদস্য অসুস্থ বোধ করেন। রাতে তাঁরা গভীর ঘুমে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে লুটপাট চালিয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।