মাদারীপুরে শিবচর উপজেলায় আগুনের আতঙ্কে হাসপাতাল থেকে তাৎক্ষণিকভাবে বেরিয়ে যান রোগী, স্বজন ও কর্মকর্তা–কর্মচারীরা। গতকাল রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
মাদারীপুরে শিবচর উপজেলায় আগুনের আতঙ্কে হাসপাতাল থেকে তাৎক্ষণিকভাবে বেরিয়ে যান রোগী, স্বজন ও কর্মকর্তা–কর্মচারীরা। গতকাল রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার লিকেজের পর আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে আহত ৫

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন আতঙ্কে দৌড়ে বের হতে গিয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুনের কোনো অস্তিত্ব পাননি। পরে সবাইকে আশ্বস্ত করলে প্রায় দুই ঘণ্টা পর রোগী, স্বজন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ভেতরে ফিরে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষষ্ঠ তলায় এক রোগীকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছিল। এ সময় হঠাৎ সিলিন্ডার লিকেজ হয়ে বিকট শব্দে অক্সিজেন বাইরে বের হতে থাকে। মুহূর্তেই হাসপাতালের ষষ্ঠ তলার মহিলা ওয়ার্ড অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। একপর্যায়ে আগুন লাগার ভয়ে রোগী ও স্বজনেরা দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যান। তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৫ জন।

খবর পেয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইব্রাহিম ঘটনাস্থলে ছুটে যান। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুনের কোনো আলামত না দেখতে পেয়ে রোগী ও স্বজনদের আশ্বস্ত করে। পরে রাত ১১টার দিক তাঁরা নিজেদের শয্যায় ফিরে যান।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান, আগুন লাগার আতঙ্কে তাড়াহুড়া করায় কয়েকজন রোগী ও স্বজন আহত হয়েছেন। তবে বড় কোনো দুর্ঘটনা ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক হয়।