লাশ
লাশ

পদ্মায় ভেসে এল মাথা-হাত-পা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীতে ভেসে আসা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মরদেহটির মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন ছিল। তলপেট থেকে বুক পর্যন্ত ছিল গভীর ক্ষত। শরীরে কোনো কাপড়ও ছিল না।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পৈলান মোল্যাকান্দি এলাকায় পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আজ বুধবার সকালে মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল করিম বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় একটি হত্যা মামলা করেছেন।

জাজিরার মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটির অধিকাংশ পচে-গলে গেছে। এ কারণে আজ সকাল পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিচ্ছিন্ন মাথা, হাত ও পায়েরও সন্ধান পাওয়া যায়নি।

ময়নাতদন্ত শেষে মরদেহটি বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় মরদেহের ডিএনএসহ অন্য নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনার মাধ্যমে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করবে পুলিশ।
কংকন কুমার বিশ্বাস, মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ওসি

পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে হত্যার পর পরিচয় আড়াল করতে শরীরের বিভিন্ন অঙ্গ কেটে বিচ্ছিন্ন করা হয়ে থাকতে পারে।

এর আগে গতকাল সন্ধ্যায় স্থানীয় কয়েকজন পদ্মা নদীতে একটি ভাসমান মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রাতেই মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে জাজিরার মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, ধারণা করা হচ্ছে, ধারালো কোনো বস্তু দিয়ে ওই ব্যক্তির হাত–পা বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া তাঁর তলপেট থেকে বুক পর্যন্ত চেরা ছিল।

ময়নাতদন্ত শেষে মরদেহটি বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, এ সময় মরদেহের ডিএনএসহ অন্য নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনার মাধ্যমে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করবে পুলিশ।