
জোয়ারের পানিতে খাল টইটম্বুর। পাশের ভবনের ছাদ থেকে একের পর এক লাফ দিচ্ছিল একদল কিশোর। অন্যরা উঠে এলেও দুজনের খোঁজ মিলছিল না। তলিয়ে যায় দুই কিশোর। জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ একের পর এক ফোন যায়। ছুটে আসে পুলিশ। ছুটে আসেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর খাল থেকে তাদের যখন উদ্ধার করা হয়, তখন কারও দেহে প্রাণ ছিল না। খালের তলদেশে থাকা রড ঢুকে যায় তাদের শরীরে।
আজ শনিবার বেলা দেড়টায় চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জের লোহারপুল এলাকায় চাক্তাই খালে এ ঘটনা ঘটে। বিকেল চারটায় দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহত দুই কিশোর হচ্ছে মোহাম্মদ হৃদয় (১৮) ও মোহাম্মদ মামুন (১৩)। তারা দুজনই পরিবারের সঙ্গে লোহারপুল এলাকার পাশে মোজাফফর কলোনিতে থাকত। মামুন স্থানীয় একটি নুডলস কারখানায় এবং হৃদয় চায়ের দোকানে কাজ করত বলে জানান স্বজনেরা।
ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেন নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম। তিনি প্রথম আলোকে বলেন, কয়েকজন কিশোর চাক্তাই খালে লাফ দিয়েছিল। তাদের মধ্যে দুজন মারা গেছে। তাদের শরীরে রড ঢুকে যায়।
গত ১২ জুলাই দুপুরে নগরের বাকলিয়া এলাকায় ৫ নম্বর ব্রিজঘাটা খালে খেলতে গিয়ে মারা গিয়েছিল আপন দুই খালাতো ভাই মো. শামীম (১১) ও রবিউল ইসলাম (৬)।
আজ দুই কিশোরের সঙ্গে খেলার সময় ছিলেন মো. বাবুল (২৫)। তিনি পিকআপ ভ্যানচালকের সহকারী। বাবুল বলেন, জোয়ারের সময় তাঁরা প্রায়ই খালে এ রকম লাফ দেন। আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। এবারই প্রথম ঘটেছে। তিনি জানান, মামুন পাঁচতলা ভবনের ছাদ থেকে এবং হৃদয় দোতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়েছিল। তারা দুজন প্রায় একই সময়ে খালে লাফ দেয়। কিন্তু খালের তলদেশে থাকা রড হৃদয়ের গলায় ও মামুনের মাথায় ঢুকে যায়। এ কারণে মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আমলে নগরের চাক্তাই খালের তলদেশ পাকা করা হয়েছিল। সম্প্রতি খালের খননকাজের সময় সেই পাকা স্ল্যাব ভেঙে যায়। তখন রড বেরিয়ে আসে।
নিহত দুই কিশোরের মরদেহ উদ্ধার করে কলোনির মাঠে নিয়ে রাখা হয়। মোজাফফর কলোনির টিনের ঘরে মা–বাবার সঙ্গে থাকত হৃদয়। তিন ভাই ও এক বোনের মধ্যে সে সবার বড়। ছেলে হারানো কোহিনূর বেগমকে কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যাচ্ছিল না। বিলাপ করতে করতে তিনি বলেন, ‘ছেলে বলে গেল, আমি গোসল করতে যাচ্ছি। এসে ভাত খাব। আমি ছেলের জন্য ভাত রান্না করে বসে আছি। কিন্তু আমার জাদু তো কথা বলে না।’
পাশে আহাজারি করছিলেন হৃদয়ের নানি সাজেদা বেগম। এ সময় কলোনিতে ঢোকেন পুলিশ সদস্যরা। তখন আর্তনাদ করে সাজেদা বেগম বলতে থাকেন, ‘আমার নাতিরে কোথাও নিয়ে যেত দেব না। সে এখানে থাকবে।’
নিহত হৃদয়ের বাসার পাশেই মামুনের বাসা। সেখানেও চলছিল মা বিলকিস আক্তার ও স্বজনদের আহাজারি। ছেলের এমন করুণ মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছিলেন বিলকিস আক্তার।