ভৈরবে জব্বার জুট মিলে উৎপাদন বন্ধ, চালুর দাবিতে আন্দোলনে শ্রমিকেরা

কিশোরগঞ্জের ভৈরব জব্বার জুট মিলে উৎপাদন চালুর দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। আজ শনিবার দুপুরে মিলের এলাকায়
ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জের ভৈরব জব্বার জুট মিলের দেড় মাস আগে আবার উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে মিলটিতে কর্মরত সহস্রাধিক শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী বেকার অবস্থায় দিন পার করছেন। শ্রমিক–কর্মচারীদের দুশ্চিন্তা বেড়েছে। এই অবস্থায় মিল চালুর দাবিতে আজ শনিবার দুপুর থেকে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। আন্দোলনের প্রথম দিনে মিল চালু না হওয়া পর্যন্ত রাজপথের এই আন্দোলন চালিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিক–কর্মচারীরা।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নৌপথের সুবিধার জন্য ১৯৬৬ সালে ভৈরব পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় জব্বার জুট মিল প্রতিষ্ঠা করা হয়। উৎপাদন শুরু হয় ১৯৬৮ সাল থেকে। শুরুতে ব্যক্তিমালিকানায় পরিচালিত হলেও স্বাধীনতার পর ১৯৭২ সালে মিলটি জাতীয়করণ হয়। ১৯৭৫ সাল থেকে আবার মিলটি ব্যক্তিমালিকানায় পরিচালিত হয়ে আসছে। বর্তমানে মিলটিতে পাটের ব্যাগসহ পাটজাত পণ্য তৈরি হয়। শ্রমিকদের না জানিয়ে ২০২৩ সালের ২২ জুন কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। চালুর দাবিতে তখনো আন্দোলন হয়। কিন্তু মালিকপক্ষ সাড়া পাওয়া যায়নি। শেষে আশাহত হয়ে পড়েন শ্রমিকরা। শ্রমিকদের একটি বড় অংশ ভিন্ন পেশায় চলে যান।

২০২৪ সালের ৬ অক্টোবর মিলটি উৎপাদনে ফেরে। তখন বেশির ভাগ শ্রমিক কাজে যোগ দেননি। ফলে উৎপাদন চালু রাখা যায়নি। এই অবস্থায় শ্রমিকদের কাজে ফেরাতে পূর্বের দৈনিক হাজিরার সঙ্গে ৫০ টাকা যোগ করা হয়। তখন অনেক শ্রমিক ভিন্ন পেশা ছেড়ে পুরনো কর্মস্থলে ফিরে আসেন। শ্রমিকরা ফিরে আসায় গেল বছরের ১২ ডিসেম্বর থেকে উৎপানে যায় মিলটি। কিন্তু বেশি দিন উৎপাদন ধরে রাখতে পারেনি। উৎপাদনে থাকার মাত্র আট দিন পর ২০ ডিসেম্বর থেকে আবার বন্ধ করে দেওয়া হয়। তখন শ্রমিকরা বর্তমান ও পূর্বের উভয় কর্মস্থল হারায়।

শ্রম আইনে বলা আছে মালিক পক্ষ ইচ্ছাকৃত বন্ধ করলে শ্রমিককে চলতি বছরের দুটি ঈদ বোনাসসহ ৩ মাস ১৩ দিনের মূল বেতন পরিশোধ করতে হবে। সেই সঙ্গে ২০২৩ ও ২০২৪ সালের বকেয়া এবং ১০ দিনের ছুটির টাকা পরিশোধ করতে হবে।

জব্বার জুটমিলের শ্রমিকরা বলছেন, মালিকপক্ষ শ্রম আইনের কোনো ধারা না মেনে কাউকে না জানিয়ে মিলটি বন্ধ করে দিয়েছে। দাবি আদায়ে বাধ্য হয়ে আন্দোলন শুরু করেছেন শ্রমিকরা। প্রথম দিনে অন্তত তিন শতাধিক শ্রমিক অংশ নিয়েছেন। শ্রমিকরা মিলের ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে ফটকের সামনে অবস্থায় নেয়। বক্তব্যে শ্রমিক নেতারা বলেন, দ্রুত সময়ের মধ্যে মিল চালুর বিষয়ে স্পষ্ট বক্তব্য না পাওয়া গেলে আবার লাগাতার আন্দোলনে যাবেন শ্রমিকেরা।

জব্বার জুট মিলের শ্রমিক সর্দার মফিজ উদ্দিন বলেন, ‘মালিকপক্ষ আমাদের সঙ্গে সর্বোচ্চ প্রতারণা করেছে। লোভ দেখিয়ে নতুন পেশা ছাড়িয়ে এনে আবার আমাদের ছেড়ে দিয়েছে। এই অবস্থায় নতুন পেশায় আমাদের আর কেউ গ্রহণ করবে না। ফলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার।’ আরেক শ্রমিক সর্দার জামাল মিয়া বলেন, ‘এবার মিল বন্ধের আগে গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমরা তেমন কিছু টের পায়নি। মিল বন্ধের যৌক্তিক কারণ দেখাতে পারছে না।’

সরেজমিনে দেখা যায়, মিলটির প্রশাসনিক ভবনের সবকটি কক্ষে তালা ঝুলছে। দায়িত্বশীল কারও দেখা পাওয়া যায়নি। পরে মুঠোফোনে কথা হয় মিলের বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মাহমুদুন্নবীর সঙ্গে। মিল বন্ধের কারণ জানতে চাইলে তিনি জানান, মিলে এখন পাট আসে সড়ক পথে। মহাসড়ক থেকে মিলে আসার অভ্যন্তরীণ সড়কটিতে এখন সংস্কার চলছে। ফলে এই সড়ক দিয়ে পাটবাহী ট্রাক প্রবেশ করানো যাচ্ছে না। মিল বন্ধের এটি একটি কারণ। কবে চালু হতে পারে—এমন প্রশ্নে তাঁর উত্তর, মিল বন্ধ সাময়িক। সড়ক সংস্কার শেষ হলে কিছুসংখ্যক কর্মকর্তাকে সরিয়ে নতুন করে লোকবল নিয়োগ করা হবে। এরপরই মিলটি উৎপাদনে ফিরবে।