
কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় একটি ভাঙারির দোকানে ককটেলের বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। ভাঙারির মালামাল ভর্তি বস্তা দোকানের সামনে নামানোর পরপরই বিস্ফোরণ ঘটে। এতে দোকানমালিক ও মালামাল নিয়ে আসা ব্যক্তি আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আজ শুক্রবার বেলা ২টা ৪০ মিনিটে রেললাইনের পাশে রুহুল আমিনের ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন পৌরসভার পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে দোকানমালিক রুহুল আমিন ও কোর্টপাড়া এলাকার আবদুল জব্বারের ছেলে সুমন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন বিভিন্ন এলাকায় পথে পড়ে থাকা জিনিসপত্র সংগ্রহ করে বেড়ান। আজ দুপুরে শহরের কাস্টমস মোড় এলাকা থেকে বস্তাভর্তি মালামাল রিকশায় করে মজমপুরে রুহুল আমিনের দোকানে নিয়ে যান। দোকানের সামনে ভাঙারির বস্তাটি নামানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় রুহুল আমিন ও সুমন দুজনই আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ভাঙারির দোকানের সামনে প্রচুর ধোঁয়া। সামনে রেললাইনের ওপর এক ব্যক্তি আধশোয়া অবস্থায় বসে আছেন। তিনি কাতরাচ্ছেন। পাশে আরেক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। কয়েক হাত দূরে কয়েকজন নারী দাঁড়িয়ে আছেন।
ভাঙারির ব্যবসায়ী রুহুল আমিন বলেন, দোকানে বস্তা রাখার পরপরই বিস্ফোরণ ঘটে। বস্তার ভেতরে কী ছিল, তা তিনি জানতেন না।
বিস্ফোরণে আহত সুমন ও রুহুল আমিন নামের দুজন বেলা সোয়া তিনটায় হাসপাতালের জরুরি বিভাগে আসেন বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হাসান। প্রথম আলোকে বলেন, প্রাথমিক সেবা দিয়ে দুজনকেই সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। সুমনের বাঁ পায়ে বেশি ক্ষত হয়েছে; আর রুহুলের ডান পায়ে আঘাত দেখা গেছে।
কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার প্রথম আলোকে বলেন, বেলা ২টা ৪০ মিনিটে রুহুলের ভাঙারির দোকানে সুমন নামের একজন বস্তাভর্তি ভাঙারি মালামাল নিয়ে যান। মালামাল বের করার মুহূর্তে ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে দুজন আহত হন। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সেখান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আহত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে।