রংপুর নগর

পদচারী–সেতু ব্যবহারে আগ্রহ নেই

সড়ক বিভাজকে উঁচু বেড়া না থাকা ও ঘন ঘন ইউটার্ন থাকায় মানুষ ঝুঁকি নিয়ে নিচ দিয়ে সড়ক পার হচ্ছে।

কাছেই পদচারী-সেতু। তারপরও সড়ক বিভাজকের ফাঁকফোকর দিয়ে ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন মানুষ। গত বুধবার রংপুর নগরের সিটি বাজারের সামনে
প্রথম আলো

রংপুর নগরে প্রায় পৌনে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত পদচারী–সেতু ব্যবহারে আগ্রহ নেই মানুষের। নগরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নগরের ব্যস্ততম সিটি বাজার ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুটি পদচারী–সেতু নির্মাণ করে নগর কর্তৃপক্ষ। কিন্তু পথচারীরা সেটি ব্যবহার না করে নিচ দিয়ে ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, পদচারী–সেতু দুটির নিচে সড়ক বিভাজক থাকলেও উঁচু বেড়া (ফেন্সিং) না থাকা এবং ঘন ঘন ইউটার্ন থাকায় মানুষ নিচ দিয়ে ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছে। ফলে পদচারী–সেতুর সুফল মিলছে না। তবে সিটি মেয়র বলছেন, দ্রুত সময়ের মধ্যে সড়ক বিভাজকের ওপর বেড়া দেওয়া এবং ইউটার্ন কমিয়ে রাস্তা পারাপার বন্ধ করা হবে। এটা সম্ভব হলে পথচারীরা সেতু ব্যবহারে বাধ্য হবে।

সেতু দুটির ব্যবহার নিশ্চিত করতে সড়ক বিভাজকে উঁচু করে বেড়া দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
মোস্তাফিজার রহমান, মেয়র, রংপুর সিটি করপোরেশন

সিটি করপোরেশনের প্রকৌশল শাখা সূত্রে জানা যায়, পদচারী–সেতু দুটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৪৪ হাজার ৯৮৭ টাকা। এর মধ্যে সিটি বাজার এলাকার সেতুতে ব্যয় হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৮৮ হাজার ৫৬৪ টাকা এবং কেন্দ্রীয় টার্মিনাল এলাকায় ১ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৪২৩ টাকা। দুটি সেতুর দৈর্ঘ্য ৮০ থেকে ৯০ ফুটের ঊর্ধ্বে এবং প্রস্থ ৮ ফুটের বেশি। সেতু দুটির ফাউন্ডেশন কংক্রিটের, পাটাতনসহ অন্যান্য উপাদান স্টিলের। গত বছরের ফেব্রুয়ারিতে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজি’ সেতু দুটি নির্মাণ করে।

চলতি বছরের ২৮ এপ্রিল সিটি বাজার এলাকার পদচারী–সেতুটির উদ্বোধন করেন মেয়র মোস্তাফিজার রহমান। সম্প্রতি বাস টার্মিনাল এলাকার সেতুটিও চলাচলের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু গত তিন মাসে সেতু দিয়ে সড়ক পারাপারে পথচারীদের তেমন আগ্রহ দেখা যায়নি।

দুর্ঘটনা এড়াতে সেতু দুটি নির্মাণ করা হলেও সড়ক বিভাজক উন্মুক্ত আছে। এ ছাড়া কোনো বেড়া না থাকায় পথচারীরা ঝুঁকি নিয়ে ইচ্ছামতো সড়ক পারাপার হচ্ছে।

রংপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম প্রথম আলোকে বলেন, রংপুরের প্রধান একটি সড়ক এটি। এই সড়কে নানা ধরনের গাড়ির চাপ। রাস্তা পারাপারেও মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। নগরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দুটি পদচারী–সেতু নির্মিত হলেও এর সুফল মিলছে না। মানুষই মানছে না। তারা সেতু ব্যবহার না করে নিচ দিয়েই চলাচল করছে। ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। এ বিষয়ে সিটি করপোরেশনের সুষ্ঠু পরিকল্পনা নেওয়া জরুরি হয়ে গেছে।

সম্প্রতি সিটি বাজার এলাকায় দেখা গেছে, বাজার করতে আসা মানুষের কেউই পদচারী–সেতু ব্যবহার করছে না। গ্রাম থেকে শহরে ঘুরতে আসা কয়েকজনকে শখের বসে সেতুতে উঠে সেলফি তুলতে দেখা গেছে। এ ছাড়া বাস টার্মিনাল এলাকায়ও একই চিত্র দেখা যায়।

সড়ক বিভাজকের ফাঁক দিয়ে ব্যাগ হাতে রাস্তা পারাপারের সময় কথা হয় শহরের গুপ্তপাড়ার বাসিন্দা সুদীপ্ত রায়ের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, বাজারের ব্যাগ নিয়ে পদচারী–সেতু দিয়ে হেঁটে রাস্তা পার হওয়া কষ্টসাধ্য। তাই নিচ দিয়ে কোনোরকমে রাস্তা পার হয়েছেন।

মহানগর ট্রাফিক পুলিশের পরিদর্শক বেলাল হোসেন বলেন, সাধারণভাবে সড়কে গাড়ির চাপ বেশি। এর মধ্যে মানুষ চাপাচাপি করে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে চলাচল করে। তাদের বুঝিয়েও পদচারী–সেতুর ব্যবহার করানো যাচ্ছে না। এরপরও তাঁরা চেষ্টার ত্রুটি রাখছেন না।