
নরসিংদীর রায়পুরা উপজেলায় ছয়টি চোরাই মোটরসাইকেল বিক্রির সময় আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা হয় পাঁচ সেট ভুয়া হলফনামা, ব্যাংক চালান ও ম্যাজিস্ট্রেটের আদেশনামার কপি। আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন।
গ্রেপ্তার তিনজন হলেন নরসিংদীর মনোহরদী উপজেলার অর্জুনচর এলাকার মো. জুবায়ের ভূঁইয়া (৪২), সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের পুরানপাড়া এলাকার ছেলে মো. পাভেল (২৫) ও চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকার নাদিম মিয়া (২৬)।
গতকাল শনিবার মধ্যরাতে সংবাদ পেয়ে রায়পুরা মরজাল এলাকায় অভিযান চালান জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মো. নূরে আলম। এ সময় ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় আজ রোববার দুপুরে নরসিংদী মডেল থানায় মামলা হওয়ার পর আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন, পাঁচ দিনের রিমান্ড আবেদন করে গ্রেপ্তার তিনজনকে আদলতে পাঠানো হয়েছে। অভিযানের সময় পালিয়ে যাওয়া তিনজনসহ চক্রটির বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।