চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের তৈরি থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শনিবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে
ছবি: প্রথম আলো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘আপনারা আপনাদের যাত্রাপথকে অসততা দিয়ে কলুষিত করবেন না। সব সময় খেয়াল রাখতে হবে। সত্যের পথ একটু কঠিনই হয়। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, “সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা।”’

বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত সমাবর্তনে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। দুপুরে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সমাবর্তনের শোভাযাত্রাসহকারে অনুষ্ঠানস্থলে আসেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আমাদের সামনে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ রয়েছে। ওই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের তৈরি হতে হবে। এটি মোকাবিলার মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা। প্রাথমিক ও মাধ্যমিকের বর্তমান শিক্ষাক্রম সেই লক্ষ্য বাস্তবায়নেই তৈরি করা হয়েছে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশের মূল উপাদান স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার। ২০৩১ সালের মধ্যে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করব। এ জন্য উচ্চশিক্ষার মানোন্নয়নে আমরা ইতিমধ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করেছি। তারা কাজও শুরু করেছে। শিক্ষা ও গবেষণা খাতকে প্রাধান্য দিয়ে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

সমাবর্তন বক্তৃতায় বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সম্পাদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে ভারসাম্য বজায় রাখতে মানসিক, শারীরিক ও সামাজিক সুস্থতা অপরিহার্য। জীবনে শুধু একটি দিকের বৃদ্ধি অন্য দিকগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পরিপূর্ণ বিকাশের জন্য শারীরিক ও মানসিক সুস্থতা, কর্মসংস্থান, ব্যক্তিগত জীবন ও পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখা অপরিহার্য। তিনি বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বয়সে নবীন হলেও শিক্ষা ও গবেষণায় ব্যাপক অবদান রাখছে। বিশ্ববিদ্যালয়ের তারুণ্যদীপ্ত শিক্ষকমণ্ডলী গবেষণা ক্ষেত্রে যে অবদান রেখেছেন, তা প্রশংসার দাবি রাখে।

স্বাগত বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, ‘তোমাদের এ অর্জনে তোমাদের মা–বাবা, শিক্ষকমণ্ডলীসহ সমগ্র জাতি গর্বিত। সীমাহীন পরিশ্রম ও কর্তব্যনিষ্ঠা তোমাদের এ সাফল্য এনে দিয়েছে। স্মরণ রাখবে, তোমাদের এ অর্জনের নেপথ্যে ছিল এ দেশের সরকার, তোমাদের পরিবার, শিক্ষক এবং সর্বোপরি দেশের জনসাধারণ, যাঁদের অর্থে পরিচালিত হয় শিক্ষাব্যবস্থা। তোমরা তাঁদের কাছে চিরঋণী। জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমেই কেবল ওই ঋণ পরিশোধ করা সম্ভব।’

সমাবর্তনে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ের ১ হাজার ৮৩৪ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে ২২ জন গ্র্যাজুয়েট চ্যান্সেলর স্বর্ণপদক, ২৬ জন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও ৯ জন ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মনোনীত প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী দীপু মনি আজ শিক্ষার্থীদের ডিগ্রি ও পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আহসান হাবীব, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসিম রেজা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, রিজেন্ট বোর্ডের সদস্যসহ অতিথিরা উপস্থিত ছিলেন।