বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার ছেলের বিরুদ্ধে

নির্যাতন
প্রতীকী ছবি

গাজীপুরে ‘চাঁদার টাকা’ না দেওয়ায় ইন্টারনেট সেবাদানকারী এক প্রতিষ্ঠানের একজন কর্মীকে বিবস্ত্র করে নির্যাতন, এসবের ভিডিও ধারণ এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রধান আসামি ওই স্বেচ্ছাসেবক লীগের নেতার ছেলে এখনো পলাতক।

টঙ্গী পূর্ব থানায় পর্নোগ্রাফি আইনে মামলাটি করেন স্থানীয় আজিজুল হাকিম ওরফে বাবু। তিনি বেস্ট ইন্টারনেট নেটওয়ার্ক সল্যুয়েশন নামের একটি প্রতিষ্ঠানের মালিক। মামলায় উল্লেখ করা হয়, গত সোমবার রাতে টঙ্গী বাজারে মেসার্স মিতালী ফিলিং স্টেশন এলাকায় তাঁর এক কর্মীকে বিবস্ত্র করে নির্যাতন করেন মো. শামি সরকার। শামি টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন ওরফে মনি সরকারের ছেলে। টঙ্গীর মিতালী বাজার এলাকায় তাঁরও ‘এসএনএস ইন্টারনেট’ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। ঘটনার পর থেকে শামি পলাতক। মামলায় তিনি মূল অভিযুক্ত ও ১ নম্বর আসামি।

বিষয়টি নিয়ে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরে টঙ্গী পূর্ব থানা পুলিশ। সংবাদ সম্মেলনে বলা হয়, গত সোমবার দুপুরে টঙ্গীর মিতালী পাম্পের (ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে) পাশে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগ। এ সময় ইন্টারনেটের সংযোগ সরবরাহকারী দুটি প্রতিষ্ঠানেরই তার কাটা পড়ে। ওই দিন বিকেলেই ইন্টারনেট সংযোগ লাইন ঠিক করতে তিন কর্মীকে পাঠান মামলার বাদী। নিজেদের লাইন ঠিক করতে একই সময় ঘটনাস্থলে আসেন শামি সরকার ও তাঁর লোকজন। এ সময় একটি মই নিয়ে দুই পক্ষের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে শামি ও তাঁর লোকজন আজিজুলের তিন কর্মীকে মারধর করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, একপর্যায়ে আজিজুল হাকিমের এক কর্মীকে তুলে শামির কার্যালয় মিতালী পাম্পের দোতলায় নিয়ে যাওয়া হয়। এ সময় পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে মুঠোফোনে আজিজুলকে কল দিতে বলেন শামি সরকার। কিন্তু ওই কর্মী কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করে মারধর ও নির্যাতন করা হয়। এরপর এসব ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দেন শামি ও তার লোকজন।

মামলার বাদী আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘শামির বাবা (মনি সরকার) আওয়ামী লীগের নেতা। তাই সে সবসময়ই এলাকায় দাপট দেখিয়ে চলে। ইন্টারনেট ব্যবসা নিয়ে বিভিন্ন সময় হুমকি-ধমকিও দিয়েছে। তারই অংশ হিসেবে সোমবার তুচ্ছ বিষয় নিয়ে আমার কর্মীকে বিনা দোষে মারধর করেছে তারা; বিবস্ত্র করে ভিডিও ধারণ করেছে। আমরা তাঁর অত্যাচারে বাধ্য হয়েই থানায় মামলা দায়ের করেছি।’

অভিযোগের বিষয়ে জানতে শামি সরকারের মুঠোফোনে একাধিকবার কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। বন্ধ পাওয়া যায় তাঁর বাবা মনির সরকারের মুঠোফোনও।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-কমিশনার হাফিজুল ইসলাম বলেন, ‘ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভিডিও উদ্ধার করা হয়েছে। ঘটনার হোতা বা ১ নম্বর আসামি এখনো পলাতক। আমরা তাকে ধরার চেষ্টা করছি।’

প্রধান আসামি ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতার ছেলে হওয়ায় ফাঁকফোকরে রেহাই পেয়ে যাবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে হাফিজুল ইসলাম বলেন, ‘আইনের দৃষ্টিতে সবাই সমান। এখানে কার কী পরিচয়, তা বড় বিষয় নয়। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হাফিজুল ইসলাম ও টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল আলমসহ অন্যান্য পুলিশ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। তাঁরা জানান, অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামেন তাঁরা। ইন্টারনেট কার্যালয়টিতে তল্লাশি চালানো হয়। পরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।