
চট্টগ্রামের রাউজান উপজেলায় মৃত্যুর আট মাস পর আদালতের নির্দেশে কবর থেকে মোহাম্মদ জুবাইর নামের ১ বছর ৪ মাস বয়সী শিশুটির লাশ উত্তোলন করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের ইউনুছিয়া মাদ্রাসার পাশের কবরস্থান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন, চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল মজিদসহ পুলিশ সদস্যরা।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ঈদুল ফিতরের দিনে শিশু জুবাইরের লাশ কবরস্থানে দাফন করা হয়। শিশুটির বাবা মোহাম্মদ ফকরুদ্দীন জুবাইরকে হত্যা করেছেন বলে শিশুর মা শামসুন নাহার লাশ দাফনের তিন মাস পর আদালতে মামলা করেন। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে শিশু জুবাইরের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত জুবাইরের বাবা ফকরুদ্দীন বর্তমানে অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী। শামসুন নাহারের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা গ্রামে। আর ফকরুদ্দীনের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ের দারোগা হাট এলাকায়। তাঁরা বিয়ে করে রাউজানে ভাড়াবাসায় থাকতেন।
শামসুন নাহার বলেন, তাঁর স্বামী ফকরুদ্দীন শিশুসন্তান জুবাইরকে হত্যা করে অসুস্থ হয়ে মারা গেছে বলে প্রচার করেন। স্বামীর হুমকি-ধমকিতে ভীত হয়ে তিনি এত দিন নীরব ছিলেন।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল মজিদ বলেন, মামলার তদন্ত করতে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এরপর মামলা এগোবে।