খুলনার বিদ্যালয়গুলোতে বেড়েছে বেতন ও সেশন চার্জ, অভিভাবকদের হিমশিম অবস্থা

খুলনা জেলার মানচিত্র
খুলনা জেলার মানচিত্র

খুলনা নগরের বেশির ভাগ বেসরকারি বিদ্যালয়ে বেতন এবং সেশন চার্জ বেড়েছে। গত বছরের তুলনায় ফি বৃদ্ধির হার ১০ থেকে ৩০ শতাংশ। এমনিতেই শিক্ষা উপকরণসহ সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েছে। তার ওপর সন্তানদের জন্য স্কুলে বাড়তি টাকা গুনতে হওয়ায় সীমিত আয়ের অভিভাবকেরা পড়েছেন বিপাকে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির অজুহাতে বিদ্যালয়গুলো এই বেতন ফি বাড়িয়েছে।

খুলনার বাগমারা এলাকার বাসিন্দা বেসরকারি সংস্থায় কর্মরত এক অভিভাবকের দুই সন্তান নগরের নামকরা দুটি বেসরকারি প্রতিষ্ঠানে পড়ে। বছরের শুরুতে দুই ছেলেমেয়েকে নতুন ক্লাসে ভর্তি করতে গিয়ে দিশাহারা হয়ে পড়েন তিনি। নাম প্রকাশ না করার শর্তে ওই অভিভাবক প্রথম আলোকে বলেন, ‘সবকিছু তো শুধু বাড়ছেই। দুই দিস্তা কাগজের খাতা কিছুদিন আগেও ৫৫ টাকা ছিল এখন কিনছি ৯০ টাকায়। নতুন বছরে ভর্তি সময় একটা বড় সংকট তৈরি হয়। নতুন ক্লাসে উঠলে দুই সন্তানের জন্য অতিরিক্ত প্রায় ২০ হাজার টাকা খরচ হয়। পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য ওদের পেছনে মাসে কম করে ১৬ হাজার টাকা ব্যয় আছে।’

খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণ কমল রায় প্রথম আলোকে বলেন, নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ গ্রহণ করেও অনেক শিক্ষক ইচ্ছা করেই পুরোনো পদ্ধতি থেকে বের হচ্ছেন না। আগের মতোই শিক্ষার্থীদের ব্যাচে টানার জন্য মরিয়া হয়ে পড়েছেন। এই ভয় অনেক শিক্ষক দেখাচ্ছেন যে তাঁদের হাতে অনেক নম্বর আছে। ব্যাচে না গেলে সেটা দেওয়া হবে না। এটা শিক্ষার্থী-অভিভাবকদের জন্য একটা চাপ। নতুন শিক্ষাক্রম সফল করতে হলে প্রশাসনকে শক্ত হাতে শিক্ষকদের ব্যাচ-কোচিং বন্ধ করতে হবে।

অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন শ্রেণিতে ভর্তির জন্য নগরের বেসরকারি স্কুলগুলোতে গত বছরের চেয়ে ভর্তি, বেতন ও সেশন ফি বাড়ানো হয়েছে। খুলনার সেন্ট জোসেফস উচ্চবিদ্যালয়ে এ বছর ১০০ টাকা করে বেতন বাড়ানো হয়েছে। আগের বছরের ৫০০ টাকা থেকে ২০ শতাংশ বাড়িয়ে বেতন করা হয়েছে ৬০০ টাকা প্রতি মাস।

সেন্ট জোসেফস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফ্রেড রনজিৎ মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আমাদের স্কুলে ১ হাজার ৯০০ শিক্ষার্থী আছে। তাদের অন্য কোনো চার্জ বাড়েনি। ১০ বছর পর শুধু এবার ছাত্রদের বেতন ১০০ টাকা করে বাড়ানো হয়েছে। শিক্ষকদের বেতন এখান থেকেই দিতে হয়। তাঁদের বেতন সমন্বয় করার জন্য এটা বাড়াতে হয়েছে।’

খুলনার নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির সময় ফি নেওয়া হয়েছে ৮ হাজার ৬৫ টাকা। নবম শ্রেণির জন্য তা ছিল ১১ হাজার ২৬৫ টাকা। সেখানে এ বছর ১০ শতাংশ হারে বেতন ও সেশন চার্জ বাড়ানো হয়েছে।

নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক (একাডেমিক) মো. শরিফুল আলম প্রথম আলোকে বলেন, শিক্ষকদের বেতন বছরে ৫ শতাংশ বাড়ে। গত তিন বছরে শিক্ষকদের বেতন ১৫ শতাংশ বেড়েছে। সেখানে শিক্ষার্থীদের কাছ থেকে ৩ বছর পর ১০ শতাংশ বেশি নেওয়া হচ্ছে।

খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য বিভিন্ন ফিসহ একজন অভিভাবককে গুনতে হয়েছে ৬ হাজার ৩০০ টাকা। নবম শ্রেণির শিক্ষার্থীর জন্য ওই ফি ছিল আরও ৩০০ টাকা বেশি। ওই স্কুলে সেশন চার্জ ৮০০ টাকা বাড়ানোর পাশাপাশি বেতনও বাড়ানো হয়েছে। কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজে ভর্তির সময় সেশন চার্জসহ দশম শ্রেণিতে লেগেছে ৭ হাজার ২৫৫ টাকা।

খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক অমিত সরকার বলেন, ‘একটা ক্লাসে বেতন ৫০ টাকা বাড়ানো হয়েছে। সবকিছুর দাম বেড়েছে। তাই আট বছর পর এবার সেশন চার্জ ৩ হাজার ২০০ টাকা থেকে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্য যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ে আমাদের বেতন-সেশন চার্জ কম। অন্য বেসরকারি প্রতিষ্ঠান ভর্তির সময় আট হাজারের ওপরে নিয়ে থাকে।’

এসব বিষয়ে খুলনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ আশরাফ উজ জামান প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানের ব্যয়ের বোঝা শিক্ষার্থীদের ওপর চাপানো অনৈতিক। প্রতিবছর শিক্ষকদের আয় বাড়ানোর টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হবে, এ ধারণা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সরে আসা উচিত। শিক্ষা বিভাগকেও এ বিষয়ে আরও কঠোর হওয়া উচিত।