লাশ
লাশ

নেত্রকোনায় হাওরের ধানখেত থেকে গলিত লাশ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একটি হাওরের ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বরান্তর এলাকার ধলি হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় স্থানীয় কৃষকেরা ধলি হাওরে ধান কেটে বাড়ি ফিরছিলেন। সে সময় একটি ধানখেতে তাঁরা এক ব্যক্তির গলিত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় গাগলাজুর ইউনিয়নের ইউপি সদস্য আশরাফ চৌধুরী বলেন, কৃষকেরা সন্ধ্যায় ধলির হাওরের স্লুইসগেট–সংলগ্ন ধানখেতে একটি গলিত লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ রাত আটটার দিকে লাশ উদ্ধার করে নিয়ে যায়। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছরের মতো হবে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম বলেন, থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার। তাই লাশ উদ্ধার করতে কিছুটা সময় লেগেছে। লাশটি গলে যাওয়ায় আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে মেরে লাশটি নির্জন হাওরের খেতে ফেলে রেখেছে। ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।