সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

বাগেরহাটে ট্রাকের সঙ্গে মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

বাগেরহাটে পণ্যবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি চালতেতলা এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন মোংলা উপজেলার গোয়ালেরমেঠ গ্রামের কাদের খান (২৭) ও দোয়ারিজারা গ্রামের লাবলু মোল্লা (৩০)।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, গতকাল দিবাগত রাত প্রায় ১২টার দিকে মোংলা থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাহিন্দ্রে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন আরও তিনজন।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।