
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আঞ্চলিক পর্যায়ের কমান্ডারদের মধ্যে তিন দিনব্যাপী দ্বিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। ভারতের আগরতলায় হওয়া বৈঠক শেষে আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধিদলটি দেশে ফিরেছে।
বৈঠক থেকে ফিরে সীমান্তের শূন্যরেখায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজিবির দক্ষিণ-পূর্ব চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গণি চৌধুরী। তিনি বলেন, ‘সীমান্ত সম্মেলনে আমাদের পক্ষ থেকে চট্টগ্রাম, সরাইল, ময়মনসিংহ ও কক্সবাজার অঞ্চলের কমান্ডাররা ও ভারতের বিএসএফের মেঘালয়, মিজোরাম, কাচার এবং ত্রিপুরা ফ্রন্টিয়ারের কমান্ডাররা অংশ নেন। বৈঠকে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসার বিষয়ে আলোচনার পাশাপাশি মাদক, অবৈধ সীমান্ত পারাপার, পরিবেশদূষণসহ কিছু বিষয় নিয়ে আমরা জোরালো বক্তব্য রেখেছি। আশা করছি, এবারের সীমান্ত সম্মেলনটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।’
ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গণি চৌধুরী আরও বলেন, আখাউড়া চেকপোস্টে বিএসএফের বাধার কারণে আটকে থাকা ইমিগ্রেশনের নতুন ভবন নির্মাণকাজ, কসবা রেলস্টেশন ভবন এবং শালদানদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইন ডুয়েল গেজে রূপান্তরের আটকে থাকা কাজের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এসব বিষয়ের ইতিবাচক ফলাফল পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে ৭ ডিসেম্বর বিজিবি-বিএসএফ বৈঠকে অংশ নিতে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল ভারতের আগরতলায় যায়।