
ঝিনাইদহের কোটচাঁদপুরে অস্ত্র আইনের এক মামলায় উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসেনকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা জজ আদালতের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নাজিমুদ্দৌলা এই রায় ঘোষণা করেন।
মুয়াবিয়া হোসেন কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মুয়াবিয়া হোসেনের স্বীকারোক্তি মোতাবেক আমবাগানে মাটি খুঁড়ে একটি পাইপগান ও ছয়টি গুলি উদ্ধার করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে কোটচাঁদপুর থানায় তৎকালীন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়। এই মামলায় ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক উপজেলার সলেমানপুরের একটি আমবাগানে মাটি খুঁড়ে একটি পাইপগান ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। সেই মামলার দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি মো. ইসমাইল হোসেন বাদশা এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন কাজী একরামুল আলম।