কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী একটি বাজারে গভীর রাতে সিসিটিভি ক্যামেরায় ‘রোবট’ সদৃশ্য বস্তু দেখা যায়
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী একটি বাজারে গভীর রাতে সিসিটিভি ক্যামেরায় ‘রোবট’ সদৃশ্য বস্তু দেখা যায়

কুড়িগ্রাম সীমান্তে ‘রোবট’–এর ভিডিও ফেসবুকে; বিজিবি বলছে, লাইট লাগানো বাইসাইকেল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী একটি বাজারে গভীর রাতে সিসিটিভি ক্যামেরায় ‘রোবট’ সদৃশ্য বস্তু দেখা যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, এটি রোবট নয়, লাইট লাগানো একটি বাইসাইকেল।

ঘটনাটি ঘটেছে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারে। ভারতীয় সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে এ বাজারের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় মঙ্গলবার রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটের ভিডিওটি ধারণ করা হয়।

ওই দোকানের মালিক নূর মোহাম্মদ। তিনি পশুরামেরকুটি গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। দোকানের নিরাপত্তার জন্য তিনি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন বলে জানান।
ভিডিওতে দেখা যায়, লাইট জ্বালানো একটি বস্তু দ্রুতগতিতে চলছে। এটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল ও আতঙ্ক তৈরি হয়। শুরু হয় জল্পনা–কল্পনা। অনেকে মনে করেছেন, এটি চার পায়ে চলা রোবট। কেউ কেউ দাবি করেন, এটি লাফিয়ে চলছিল এবং কয়েক সেকেন্ডের মধ্যে ক্যামেরার দৃষ্টিসীমার বাইরে চলে যায়। পরে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে ঘটনাস্থলের পাশ দিয়ে যেতে ও ফিরে আসতে দেখা যায়।

মিলনী বাজার কমিটির সভাপতি শুকুর আলী বলেন, ‘এখানে বিদেশি কোনো রোবট আসার সম্ভাবনা নেই। বিষয়টি তদন্ত হওয়া দরকার।’

বিজিবির ব্যাখ্যা
ওই ঘটনার পর আজ বুধবার সকালে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিসিটিভি ক্যামেরার মেমোরি কার্ড যাচাই করে দেখা গেছে, একটি সোজা হ্যান্ডলযুক্ত বাইসাইকেলের দুই চাকায় ছোট লাইট এবং সামনে একটি হেডলাইট সংযুক্ত ছিল। আরোহী ব্যক্তি সামনের দিকে ঝুঁকে দ্রুতগতিতে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ক্যামেরার রেজল্যুশন কম হওয়ায় ভিডিওটি অস্পষ্টভাবে ধারণ হয় এবং সেটিকে রোবট বলে মনে হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিডিওটি সম্পাদিত বা তৈরিকৃত হতে পারে এবং তা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য সিসিটিভি ক্যামেরা ও মেমোরি কার্ড পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ফরেনসিক পরীক্ষা করা হবে।

কুড়িগ্রাম ২২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, প্রাথমিকভাবে এটি একটি বাইসাইকেল বলেই প্রতীয়মান হয়েছে। এখানে রোবট আসার কোনো সম্ভাবনা নেই। এ ঘটনায় অধিকতর পর্যবেক্ষণ চলছে।