সদ্য সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। আজ বেলা আড়াইটার দিকে তোলা
সদ্য সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। আজ বেলা আড়াইটার দিকে তোলা

চুয়েটে নতুন উপাচার্যকে শিক্ষার্থীদের প্রত্যাখ্যান, চতুর্থ দিনের মতো বিক্ষোভ অব্যাহত

সদ্য সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁরা নতুন উপাচার্য হিসেবে যোগ দেওয়া অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন।

আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে শিক্ষার্থীরা সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিকস ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরিন্দম দে বলেন, ‘চুয়েটের বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে না এসে নতুন উপাচার্যের যোগদান আমরা মেনে নিতে পারি না। শিক্ষার্থীদের মতামত ও চলমান আন্দোলনকে উপেক্ষা করে এভাবে যোগদান কোনো সমাধান নয়। আমাদের একমাত্র দাবি, সায়েম স্যারকে পুনর্বহাল করতে হবে।’

একই বর্ষের পুরকৌশল বিভাগের আরেক শিক্ষার্থী নাফিস হাসান বলেন, ‘আমরা শুনেছি, নতুন উপাচার্য অনলাইনে যোগদান করেছেন। তাঁর মানে, তিনি অনলাইন উপাচার্য। আমরা এমন অনলাইন উপাচার্য আমাদের ক্যাম্পাসে চাই না। আমরা সায়েম স্যারকেই আমাদের উপাচার্য হিসেবে চাই।’

চলতি ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে পরিবর্তন করে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর প্রতিবাদে ওই রাতেই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরদিন থেকে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন ও গণ–অবস্থান কর্মসূচি চলছে।

শিক্ষার্থীদের দাবি, মাত্র ৫৬ দিন দায়িত্ব পালনের পর কোনো দৃশ্যমান কারণ ছাড়াই অধ্যাপক সায়েমকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। এ আন্দোলনের মধ্যেই গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শেখ শরীফুল আলম যোগদান করেন। তাঁর এ যোগদানের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হন আন্দোলনরত শিক্ষার্থীরা।