দালাল ছাড়া আবেদন না করলে হয়রানির শেষ থাকে না আবেদনকারীদের। বাধ্য হয়ে সাধারণ মানুষ অবৈধ পথে হাঁটছেন।

‘পাসপোর্ট করতে গিয়েছিলাম। ফরমের প্রতিটি পাতা উল্টেপাল্টে দেখেন এক কর্মকর্তা। আমার ফরমে ১৫টি ভুল দেখিয়ে অফিস থেকে ফেরত দেন তিনি। পরে একজন দালাল ধরে অতিরিক্ত ১ হাজার ৫০০ টাকা দিই। দালাল সেই ফরমের মধ্যে বিশেষ একটা চিহ্ন দিয়ে আমাকে জমা দিতে পাঠায়। এবার ভুল না ধরে শুধু বিশেষ চিহ্ন দেখেই সেই কর্মকর্তা আবেদন জমা নিয়ে নেন।’
মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় নিয়ে এমন অভিজ্ঞতার কথাই জানালেন মুন্সিগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা আল আমিন। শুধু আল আমিন নন, দালাল ছাড়া পাসপোর্ট করতে গেলে এমন বিড়ম্বনায় পড়ছেন অনেকেই। গত রোববার থেকে মঙ্গলবার সরেজমিন ঘুরে এমন অসংখ্য ঘটনার দেখা মেলে মুন্সিগঞ্জ পাসপোর্ট কার্যালয় নিয়ে।
মুন্সিগঞ্জে পাসপোর্ট কার্যালয় থেকে সাধারণ ও জরুরি—দুই ধরনের পাসপোর্টই দেওয়া হয়। ৫ বছর মেয়াদি সাধারণ পাসপোর্টের জন্য সরকারি হিসাবে ৪ হাজার ২৫ এবং জরুরি পাসপোর্টের জন্য ৮ হাজার ৫০ টাকা লাগে। ১০ বছর মেয়াদি পাসপোর্টর জন্য লাগে ৫ হাজার ৭৫০ টাকা। ব্যাংকে ফি জমা দেওয়ার রসিদ পাসপোর্টের আবেদনের সঙ্গে যুক্ত করে জমা দিতে হয়। আবেদনপত্র জমা দেওয়ার পর আবেদনকারীর ছবি তোলা হয়। এরপর পুলিশ ভেরিফিকেশনের (যাছাই–বাছাই) পর নির্দিষ্ট সময়ে পাসপোর্ট দেওয়া হয়।
তবে দালাল ছাড়া আবেদন না করলে হয়রানির শেষ থাকে না আবেদনকারীদের। পাসপোর্টও মেলে না যথাসময়ে। বাধ্য হয়ে সাধারণ মানুষ অবৈধ পথে হাঁটছেন। কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে এ অবস্থা চলছে বছরের পর বছর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মধ্যে দু–একজন দালালকে গ্রেপ্তার করলেও কর্মকর্তা–কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া হয় না কোনো ব্যবস্থা।
পাসপোর্ট করতে এসে হয়রানির শিকার অন্তত ১০ জন ভুক্তভোগীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা জানান, মুন্সিগঞ্জ পাসপোর্ট কার্যালয়ে নতুন পাসপোর্টের আবেদন করা, পুরোনো পাসপোর্ট নবায়ন করা বা পাসপোর্টের কোনো ভুল সংশোধন করতে গেলে দালাল ধরতেই হবে। দালালদের সরকার নির্ধারিত ফির চেয়ে সাড়ে তিন থেকে চার হাজার টাকা বেশি দিতে হয়। পাসপোর্টে ভুল সংশোধন করতে গেলে দিতে হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকা। ভুলের পরিমাণ অনুযায়ী কখনো চাওয়া হচ্ছে ৩০-৩৫ হাজার টাকা পর্যন্ত। বৈধ উপায়ে পাসপোর্ট–সংক্রান্ত কোনো আবেদন করলেই যেকোনো ভুল দেখিয়ে তা ফেরত দেওয়া হচ্ছে। অথচ দালালদের টাকা দিলে সেগুলোর কাজ সহজেই হয়ে যাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক দালাল প্রথম আলোকে বলেন, ‘পাসপোর্ট অফিসের ভেতরে বসা কর্মকর্তাদের সঙ্গে আমাদের একাধিক দালালের সুসম্পর্ক রয়েছে। সাধারণ মানুষ আবেদন নিয়ে গেলে যত সঠিই হোক না কেন, নিচতলায় থাকা কর্মকর্তারা ভুল ধরবেনই। তখন মানুষ ঝামেলা এড়াতে আমাদের কাছে আসেন। গ্রাহকদের কাছ থেকে দুই থেকে আড়াই হাজার টাকা নিই। আবেদনে একটি বিশেষ চিহ্ন দিয়ে দিই। ওই চিহ্নসহ আবেদন গেলে আর কাউকে ফেরত আসতে হয় না। ওই চিহ্ন দেখে অফিস শেষে কর্মকর্তারা প্রতিটি আবেদনের জন্য ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা নেন।’
একাধিক দালাল জানান, এ অনৈতিক কাজের সঙ্গে কার্যালয়টির উপসহকারী পরিচালক ইব্রাহীম পলাশসহ একাধিক কর্মকর্তা জড়িত। তবে অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন ইব্রাহীম। তিনি বলেন, ‘বিশেষ চিহ্ন বা দালালদের মাধ্যমে টাকা দিয়ে কেউ পাসপোর্ট নিচ্ছেন না। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার বিরুদ্ধে যদি কারও কোনো অভিযোগ থাকে, সেটি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাক। যদি আমি দোষী হই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার ব্যবস্থা নেবে।’
গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিন দেখা যায়, পাসপোর্ট কার্যালয়ের ফটকের ভেতরে আবেদনকারীদের ভিড়। এই প্রতিবেদক লাইনে দাঁড়ানো অনেকের সঙ্গে কথা বলেন।
লাইনে থেকে ফরম জমা দিয়ে বের হচ্ছিলেন হৃদয় হোসেন নামে এক তরুণ। তিনি বলেন, ‘আমার আবেদনের সঙ্গে অনেক কাগজপত্র চেয়েছিল। ভুলও ধরেছিল। পরে এক দালালের সঙ্গে পৌনে ৬ হাজার টাকার পাসপোর্ট সাড়ে ৯ হাজার টাকায় চুক্তি করি। আবেদন দেওয়ামাত্রই অফিসের লোকজন জমা নিয়ে নিল।’
মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে করা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সহকারী পরিচালক উম্মে শাকিলা তানিয়া। তিনি বলেন, ‘এ কার্যালয়ে কোনো অর্থনৈতিক লেনদেন হয় না। যাঁদের আবেদনে ত্রুটি দেখিয়ে ফেরত দেওয়া হয়েছে, তা টাকার বিনিময়ে নয়, তাঁরা ত্রুটি সংশোধন করার পরই আবেদন গ্রহণ করা হয়েছে।’