বাসে আগুন
বাসে আগুন

চট্টগ্রামে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বিএনপির ডাকা হরতালের আগের দিন চট্টগ্রামের চন্দনাইশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দেওয়া হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল ইসলাম আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের ভেতর কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের আসনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওসি এস এম ওবায়দুল ইসলাম আরও বলেন, কে বা কারা আগুন দিয়েছে আশপাশের লোকজনও সে ব্যাপারে কিছু জানাতে পারেননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বিএনপি আজ সকাল–সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।