চাঁদাবাজি বা অপকর্মের বিষয়ে জানাতে অভিযোগ বাক্স বসিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। সোমবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোট বাজারের বটতলা এলাকায়
চাঁদাবাজি বা অপকর্মের বিষয়ে জানাতে অভিযোগ বাক্স বসিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। সোমবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোট বাজারের বটতলা এলাকায়

চাঁদাবাজি রুখতে ময়মনসিংহে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যের মাইকিং, কুমিল্লায় অভিযোগ বাক্স স্থাপন

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামানের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছে। এলাকায় কেউ চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

এদিকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড রুখতে নির্বাচনী এলাকায় ‘অভিযোগ বাক্স’ স্থাপনের কার্যক্রম শুরু করেছেন। এরই অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় নাঙ্গলকোট বাজারের বটতলা এলাকায় একটি ‘অভিযোগ বাক্স’ স্থাপন করা হয়েছে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের পক্ষ থেকে করা মাইকিংয়ে বলা হয়, ‘গফরগাঁও বাজারের সকল ব্যবসায়ী ও পৌরবাসীকে জানানো যাচ্ছে যে কেউ আইনশৃঙ্খলা পরিপন্থী বা বেআইনি কর্মকাণ্ড ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির কাছে চাঁদা দাবি করলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজনে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামানকে জানাতে পারেন। বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় নয়। যেকোনো মূল্যে শান্তিশৃঙ্খলা বজায়া রাখা এবং জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করাই সংসদ সদস্যের অন্যতম লক্ষ্য। বিভেদ-বিভাজন নয়, ঐক্যই শান্তি, ঐক্যই মুক্তি।’

বিষয়টি নিয়ে গফরগাঁও পৌর এলাকার বাসিন্দা আবদুল আউয়াল বলেন, ‘এমপি হয়েই চাঁদাবাজি বন্ধে এমপির মাইকিং এলাকাবাসীর মধ্যে একধরনের আশা জাগিয়েছে। এ ধরনের পদক্ষেপ ও এলাকায় শান্তি ফেরাতে এমপির সঙ্গে সকল শ্রেণি–পেশার মানুষকেও সহযোগিতা করতে হবে, এতে এলাকার মানুষই ভালো থাকবে।’

এর আগে আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান লেখেন, ‘বিশৃঙ্খলা, বেআইনি কর্মকাণ্ড জড়িতরা কেউ দলের লোক হতে পারে না। এরা দল বুঝে না, বুঝে নিজের স্বার্থ। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অন্যায়, অপরাধে জড়িতদের কোনো ছাড় নয়। অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী। যেকোনো মূল্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের অর্থনীতি চাঙ্গা করা, বেকারদের কর্মসংস্থানসহ জনগণের কাঙ্খিত উন্নয়নই আমাদের লক্ষ্য।’ তিনি আরও লেখেন, ‘আমরা সংঘাত নয়—সমাধানে বিশ্বাস করি। ভয় নয়—ভরসায় বিশ্বাস করি। হিংসা নয়—উন্নয়নে বিশ্বাস করি। দেশ আগে, দল পরে—জনগণই আমাদের শক্তি।’

নাঙ্গলকোটে ‘অভিযোগ বাক্স’

কুমিল্লা-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় নাঙ্গলকোট বাজারের বটতলা এলাকায় একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘বিএনপির কোনো নেতা-কর্মী চাঁদাবাজি অথবা অনৈতিক কার্যকলাপে জড়িত থাকলে দয়া করে নির্দ্বিধায় লিখিত অভিযোগ জমা দিন। নিবেদক—মোবাশ্বের আলম ভূঁইয়া, এমপি।’

পর্যায়ক্রমে নিজের নির্বাচনী এলাকার দুটি উপজেলা পরিষদ, দুটি থানায় এবং গুরুত্বপূর্ণ সব এলাকায় একইভাবে অভিযোগ বাক্স স্থাপন করা হবে বলে জানিয়েছেন মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি জানিয়েছেন, শিগগিরই থানা ও উপজেলায় স্থাপন করা অভিযোগ বাক্স স্টিল দিয়ে নির্মাণ করা হবে। যার মধ্যে থাকবে তালার ব্যবস্থা। সেই তালার চাবি শুধু সংসদ সদস্যের কাছে থাকবে; তিনি এলাকায় অবস্থানকালে নিজেই তালা খুলে অভিযোগগুলো দেখবেন।

মোবাশ্বের আলম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। নাঙ্গলকোট ও লালমাই উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান, থানা ও উপজেলা কার্যালয়ে আমরা অভিযোগ বাক্স স্থাপন করছি। যে কেউ সম্পূর্ণ নাম গোপন রেখে এসব বাক্সে অভিযোগ জানাতে পারবেন। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। অপরাধী যদি আমাদের দলের কেউও হয়, তার বিরুদ্ধেও দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’

মোবাশ্বের আলম আরও বলেন, ‘জনগণ আমাকে ভোট দিয়েছে তাদের পাহারাদার হবার জন্য। আমি তাদের পাহারাদার হয়ে থাকতে চাই। আমি এই এলাকায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে চাই। বিএনপি আমার দল। কিন্তু আমি জনগণের এমপি। আমার দলের কোনো নেতা–কর্মী অপরাধ করলে আরও কঠোর হব।’