
নরসিংদীর রায়পুরা উপজেলায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের ভিটি মরজাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাঠমিস্ত্রির নাম সাধন চন্দ্র বিশ্বাস (৭০)। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার সুরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। সাধন মরজাল এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে কাঠমিস্ত্রির কাজ করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ভিটি মরজাল এলাকার এক বাড়িতে কাজের ডাক পেয়ে সাইকেল নিয়ে বের হন সাধন চন্দ্র বিশ্বাস। ঢাকা-সিলেট মহাসড়কের ভিটি মরজাল এলাকায় পৌঁছালে সিলেটগামী যাত্রীবাহী বাস পেছন থেকে তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি সাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। পরে ঘটনাস্থলে মারা যান তিনি।
১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ এন এম মিজানুর রহমান বলেন, সাধন চন্দ্র বিশ্বাস নামের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় তাঁদের হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।
নিহত সাধনের মেয়ের জামাতা কাজল বিশ্বাস বলেন, বাসের ধাক্কায় মৃত্যুর বিষয়টি যেহেতু একটি দুর্ঘটনা, এ জন্য তাঁরা চান লাশ যেন কাটাছেঁড়া না হয়। ময়নাতদন্ত ছাড়া লাশ পাওয়ার জন্য তাঁরা জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।