ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইটের শিডিউল বিপর্যয়

ঘন কুয়াশার কারণে দেশের উত্তরাঞ্চলে আকাশ ও সড়কপথে যান চলাচলে বিঘ্ন ঘটছে। ঘন কুয়াশা কারণে এ অঞ্চলের দৃষ্টিসীমা ১০০ মিটারের নিচে এখন। এর ফলে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ঘন কুয়াশার কারণে কোনো ফ্লাইট অবতরণ করতে পারেনি।

এদিকে ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে বিভিন্ন যানবাহন। দূরপাল্লার বাহনগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না। হঠাৎ বৈরী এই আবহাওয়ার কারণে অফিসগামী ও শ্রমজীবী মানুষেরা বিপাকে পড়েছেন।

সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ৫০ মিটার। সকাল ৮টার দিকে তা বেড়ে দাঁড়ায় ৬০ মিটার। সাধারণত দুই হাজার মিটার দৃষ্টিসীমা থাকলে রানওয়েতে উড়োজাহাজ ওঠানামা করতে পারে।

দৃষ্টিসীমা কম থাকায় সকাল থেকে ইউএস-বাংলা ও নভোএয়ারের দুটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি। এর ফলে ওই দুটি ফ্লাইটের ঢাকাগামী শতাধিক যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছেন।

সূচি অনুযায়ী সকাল ৭টা ২০ মিনিটে নভোএয়ার ও সকাল সাতটা ৩০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করার কথা ছিল।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, আজ ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। শীতকালে বৈরী আবহাওয়ার কারণে প্রায় দিনই উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটে থাকে।

এ জন্য শীতকালে এয়ারলাইনসের ফ্লাইটগুলো আলাদা শিডিউলে চলাচল করে। ২৯ অক্টোবর থেকে নতুন ওই সময়সূচি কার্যকর হবে।