
বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে কক্সবাজারের মহেশখালীতে ২২ জন জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। পরে সাঁতার কেটে অন্য মাছ ধরার ট্রলারে উঠে ওই ২২ জেলে জীবিত অবস্থায় কূলে ফিরে এসেছেন। আজ শনিবার দুপুরে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে।
কূলে ফিরে আসা জেলেরা জানান, গতকাল দুপুরে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকার বাসিন্দা শের উল্লাহর মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে ২২ জন জেলে সাগরে মাছ ধরতে যান। বেলা তিনটার দিকে কক্সবাজার ফিশারি ঘাট থেকে ট্রলারটি সোনাদিয়ার দক্ষিণে পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে।
এ সময় উত্তাল ঢেউয়ে মাছ ধরার ট্রলারটি কাঁত হয়ে ডুবে যায়। তবে ট্রলারে থাকা জেলেরা সাঁতার কেটে পাশের একটি নৌকায় উঠে নিজেদের রক্ষা করেন।
ট্রলারের মালিক শের উল্লাহ বলেন, ডুবে যাওয়া ট্রলারে জাল, তেল ও বরফের পাশাপাশি ২২ জন জেলের ২০ দিনের খাবার মজুত ছিল। কিন্তু বঙ্গোপসাগরে উত্তাল ঢেউ ও ডুবো চরের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে তাঁর অন্তত এক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। আজ দুপুরে অন্যান্য মাছ ধরার ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে।