চট্টগ্রামের পটিয়ায় লেগুনার চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নাখাইন গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তাসফিয়া সুলতানা (৭)। সে সাতকানিয়া উপজেলার আবু হানিফের মেয়ে। তার বাবা ওই এলাকার একটি মুদিদোকানের কর্মচারী। সেই সূত্রে পটিয়ায় একটি ভাড়া বাসায় শিশুটির পরিবার বসবাস করে আসছে। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে তাদের বাসা।
পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, তাসফিয়া বাদাম কেনার জন্য সড়ক পার হচ্ছিল। এ সময় একটি লেগুনার নিচে চাপা পড়ে সে। এরপর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাসফিয়াকে মৃত ঘোষণা করেন।
আজ সকাল সাড়ে ১০টার দিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, তাসফিয়ার মা রুজি আকতার মেয়ের জন্য বিলাপ করছেন। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, সকালে তাসফিয়া বাদাম কেনার জন্য ঘর থেকে একা বের হয়। এরপর গাড়িচাপায় তাসফিয়ার মৃত্যু হয়েছে।
যে লেগুনার চাপায় শিশু তাসফিয়ার মৃত্যু হয়েছে, এটির চালক সাইদুল ইসলামকে ধরে হাসপাতাল এলাকায় নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। জানতে চাইলে চালক সাইদুল ইসলাম বলেন, তিনি নগরের নতুন ব্রিজ এলাকা থেকে যাত্রী নিয়ে পটিয়ায় যাচ্ছিলেন। নাইখাইন গ্যাস পাম্পের সামনে এলে চট্টগ্রামমুখী একটি বাসের হর্নের শব্দে আতঙ্কিত হয়ে শিশুটি দৌড় দেয়। এরপর তাঁর লেগুনার চাকার নিচে এসে পড়ে সে। তাঁর লেগুনাতে করেই শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৃষ্ণা সরকার প্রথম আলোকে বলেন, শিশুটিকে সকাল ১০টা ২৫ মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক বলেন, শিশুটি সড়ক পারাপারের সময় দ্রুতগামী লেগুনার চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।