গত ২৭ এপ্রিল ঝড়ে ভোলার প্রত্যন্ত এলাকার এই বিদ্যালয়ের ঘর বিধ্বস্ত হয়। এর পর থেকে শিক্ষার্থীরা গোয়ালঘরে ক্লাস করছে।

গোয়ালঘরের ওপর টিনের ছাউনি। নিচে ১১টি বেঞ্চ। চারপাশে বেড়া নেই। মেঝেতে কাদাপানি। এ গোয়ালঘরেই ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ মধ্য কলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। তবে খুব বেশি বৃষ্টি হলে পাঠদান বন্ধ থাকে। বিদ্যালয়ের টিনের ঘরটি ঝড়ে বিধ্বস্ত হওয়ায় তিন মাস ধরে শিক্ষক ও শিক্ষার্থীরা ভোগান্তি পোহাচ্ছে। এভাবে ক্লাস করতে কষ্ট হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।গত ২৭ এপ্রিল ঝড়ের কবলে পড়ে বিদ্যালয়ের একমাত্র টিনের ঘরটি ভেঙে যায়। এর পর থেকে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে আবহাওয়া ভালো থাকলে পাশের এক ব্যক্তির গোয়ালঘরে এবং বাড়ির উঠানে খোলা আকাশের নিচে পাঠদান করা হয়।
বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঠিকমতো ক্লাস না হওয়ার কারণে বিদ্যালয়ে উপস্থিতির সংখ্যা দিন দিন কমছে। ১১৭ শিক্ষার্থীর মধ্যে গত বৃহস্পতিবার ৪০ জন উপস্থিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবদুল মান্নান বলেন, ‘আমাদের দেশ এখন অনেক উন্নত। কোটি কোটি টাকা খরচ করে বড় বড় ভবন নির্মাণ করা হচ্ছে। অথচ তিন মাস ধরে একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে ক্লাস করলেও তাদের একটি ঘর নির্মাণ করে দেওয়ার কেউ নেই। শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে শিক্ষক ও অভিভাবকেরা দুশ্চিন্তায় আছেন। কিন্তু কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের চিন্তা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে দৌলতখানের ইউএনও মো. সাইদুজ্জামান বলেন, তিনি জরুরি ভিত্তিতে ওই বিদ্যালয়ের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।
সরেজমিনে গেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সানজিদা জানায়, ঝড়ে তাদের বিদ্যালয়ের ঘর ভেঙে গেছে। তিন-চার মাস ধরে তারা ঠিকমতো ক্লাস করতে পারছে না। কখনো রোদ, কখনো বৃষ্টির কারণে শিক্ষকেরা নাম ডেকে ছুটি দিচ্ছেন। একই শ্রেণির মো. রুবেল বলে, ‘৮-৯ দিনের বৃষ্টিতে বেঞ্চের নিচে পানি ও কাদা জমে গেছে। বৃষ্টি এলে ক্লাস ছেড়ে মানুষের বাড়িতে দৌড়ে আশ্রয় নিই। এভাবে ক্লাস করা যায় না।’
বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি শুনে দুঃখ প্রকাশ করেন। অফিস সহকারী নজরুল ইসলামকে ডেকে আবেদনের খোঁজখবর নেন। নজরুল বলেন, আবেদনে ভুল থাকার কারণে সংশোধন করতে দৌলতখান উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠিয়ে দেওয়া হয়েছে।