
বালু তোলায় ভাঙনের হুমকিতে পড়েছে শহড়াবাড়ি ও বানিয়াজান স্পার, তীর সংরক্ষণ প্রকল্প, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, জনবসতি ও আবাদি জমি।
বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের এক নেতা বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে গিয়ে যমুনা নদী থেকে খননযন্ত্র দিয়ে বালু তুলছেন। এতে করে ভাঙনের হুমকিতে পড়েছে শহড়াবাড়ি ও বানিয়াজান স্পার, তীর সংরক্ষণ প্রকল্প, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, জনবসতি ও আবাদি জমি। গতকাল মঙ্গলবার এলাকাবাসী বালু তোলা বন্ধের দাবিতে মানববন্ধন পালন করেছেন।
অভিযোগ ওঠা ওই যুবলীগ নেতার নাম বেলাল হোসেন। তিনি উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক। বালু তোলা বন্ধের দাবিতে ২৬ ডিসেম্বর এলাকাবাসী পক্ষ থেকে আমিনুল ইসলাম জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধসহ যেকোনো গুরুত্বপূর্ণ স্থাপনা অথবা আবাসিক এলাকা হতে সর্বনিম্ন ১ (এক) কিলোমিটারের মধ্যে থেকে বালু উত্তোলন করা যাবে না। বালু বা মাটি উত্তোলনের সময় ড্রেজিংয়ের ফলে কোনো নদীর তীর ভাঙনের শিকার হতে পারে এমন আশঙ্কা থাকলে এসব ক্ষেত্রেও বালু তোলা অবৈধ।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত প্রথম আলোকে বলেন, বালু মহালের নির্ধারিত এলাকার বাইরে বালু উত্তোলনের কোনো অনুমতি নেই। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল দুপুরের দিকে সরেজমিনে দেখা যায়, ভান্ডারবাড়ি এলাকায় যমুনার চর এলাকা থেকে ১০ থেকে ২০টি খননযন্ত্র দিয়ে ৫০ থেকে ৬০ ফুট গভীর করে বালু তোলা হচ্ছে। বাল্কহেড দিয়ে বালু পরিবহন করা হচ্ছে। এসব বালু শহড়াবাড়ী ঘাট এলাকার দুটি স্থানে ফেলা হচ্ছে।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি জেলা প্রশাসন যমুনা নদীর চৌবেড় মৌজার বিভিন্ন চরের ৪২টি দাগে প্রায় ৩৭ একর জায়গা বালুমহাল হিসেবে ইজারা দেয়। গত ২ অক্টোবর দরপত্রের মাধ্যমে ৪০ লাখ টাকায় ৬ মাসের জন্য তা ইজারা নেন বেলাল হোসেন।
চৌবেড় মৌজার এলাকার বাসিন্দাদের অভিযোগ, বেলাল হোসেন বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে গিয়ে বানিয়াজান, শহড়াবাড়ী, শিমুলবাড়ি, কৈয়াগাড়ি, নিউ-সারিয়াকান্দি মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এতে প্রায় ২ হাজার কৃষকের জেগে ওঠা ৫টি চরের ৫০ একর জমি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকিতে পড়েছে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প এবং বানিয়াজান ও শহড়াবাড়ী নামের দুটি স্পার।
তবে যুবলীগ নেতা বেলাল হোসেন বলেন, সরকারিভাবে নির্ধারিত এলাকার বাইরে গিয়ে বালু তোলা হচ্ছে না।
কৈয়াগাড়ি গ্রামের জুয়েল রানা জানান, নদী ভাঙনে সব হারিয়েছেন। দুই বছর ধরে চরের জমিতে বাদাম চাষ করেছেন। এ বছর বালু তোলার কারণে আবারও সেই জমি ভেঙে যমুনায় বিলীন হয়ে গেছে।
বগুড়া পাউবোর উপসহকারী প্রকৌশলী নিবারন চক্রবর্তী বলেন, ইজারা এলাকার বাইরে গিয়ে যমুনা নদী থেকে খননযন্ত্র ও বাল্কহেড দিয়ে বালু উত্তোলন করতে নিষেধ করা হয়েছে।