
বিএনপি আগুন সন্ত্রাসের দল। নানা ছুতো তুলে তারা রাজপথে নামার হুমকি দিচ্ছে। কোনো সন্ত্রাসীদের রাজপথে নামতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
আজ বুধবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় ‘মুজিবমঞ্চে’ জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এস এম কামাল হোসেন বলেন, ‘বিএনপির রাজপথে নামা মানেই আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও, নাশকতা করা। রাজপথে আন্দোলনের নামে বিএনপিকে পেট্রলবোমায় মানুষ হত্যা, গাড়ি পোড়ানো, নাশকতার সুযোগ দেওয়া হবে না। যেখানেই সন্ত্রাস, যেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি-জামাত সরকারে থাকতে দেশে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। সেই সময়ের বিদ্যুৎ প্রতিমন্ত্রী পদত্যাগ করে বলেছিলেন, বিদ্যুৎ উন্নয়নের নামে হাওয়া ভবন ৬ হাজার কোটি টাকা লুট করেছে। দেশের সম্পদ লুটপাটকারী সেই বিএনপি আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে পার পাবে না।’
এস এম কামাল হোসেন আরও বলেন, বিএনপি রাজপথ দখল করতে চাইলে আওয়ামী লীগকেও রাজপথে থাকতে হবে। নিজেদের কোন্দল ভুলে নেতা-কর্মীদের আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে জেতাতে এখন থেকেই কাজ শুরু করতে হবে। মানুষের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে শোক সমাবেশে অন্যদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান, সহসভাপতি মকবুল হোসেন ও টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আসাদুর রহমান ও সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও শাহাদাত আলম, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান প্রমুখ বক্তব্য দেন।
এর আগে এস এস কামাল হোসেন বগুড়া সদর উপজেলার নুনগোলা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান।