
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে লক্ষ্মীপুরে তিনটি নির্বাচনী আসনে চারজন প্রার্থীর কর্মী-সমর্থকদের মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে গতকাল রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের দায়ে চারজন প্রার্থীর কর্মী-সমর্থকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চারটি নির্বাচনী আসনে এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের নৌকার প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়নের জেলা শহরের বাসভবনে গতকাল বিকেলে নির্বাচনী এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রার্থীর এক প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে দালালবাজার ইউনিয়নে অভিযান পরিচালনা একই প্রার্থীর প্রতিনিধিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। রায়পুর উপজেলায় মাইক্রোবাসে পোস্টার ও ব্যানার লাগিয়ে প্রচার করায় এক প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নির্বাচনসংশ্লিষ্ট রঙিন ব্যানার ও বিল বোর্ড অপসারণ করা হয়েছে।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে নৌকার প্রার্থী মোশাররফ হোসেনের কর্মী এবং স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ইস্কান্দার মির্জা শামীমের কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কমলনগর উপজেলার লরেন্স বাজারে দেওয়ালে পোস্টার লাগানোর ঘটনায় নৌকার কর্মীকে ১০ হাজার ও ট্রাকের কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে দেয়ালে ও বৈদ্যুতিক খুঁটিতে নৌকা প্রার্থীর পোস্টার লাগানোয় রবিন মাল নামের স্থানীয় ছাত্রলীগ নেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় গতকাল বিকেলে রামগঞ্জ পৌরসভার সোনাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত রবিন মাল রামগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার খানের অনুসারী হিসেবে পরিচিত।
রামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল। তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, দেয়ালে ও বৈদ্যুতিক খুঁটিতে প্রার্থীর প্রচারের জন্য পোস্টার লাগানো নিষিদ্ধ। রবিন দেয়ালে ও খুঁটিতে পোস্টার লাগিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। ফলে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।