রাতে বাসায় একা ছিলেন, সকালে পাওয়া গেল রক্তমাখা লাশ

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

বগুড়ায় নিজ বাসার শোবার ঘর থেকে জামাল উদ্দিন (৫৮) নামের এক ব্যক্তির রক্তমাখা লাশ উদ্ধার করা হয়েছে। তিনি খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ফু ওয়াং কোম্পানির পণ্য সরবরাহকারি গাড়ির চালক ছিলেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে শহরের পূর্ব বৃন্দাবনপাড়া এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। রাতে বাসায় একা ছিলেন জামাল উদ্দিন।

গতকাল শুক্রবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাসায় ঢুকে রড এবং শিলনোড়া দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে তাঁকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আধা পাকা বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বাস করতেন জামাল উদ্দিন। বাসার এক পাশে একটি মাজার রয়েছে। গতকাল কলেজপড়ুয়া ছেলেকে নিয়ে বাবার বাড়িতে দাওয়াত খেতে যান তাঁর স্ত্রী। রাতে বাসায় একা ছিলেন জামাল উদ্দিন। আজ সকাল আটটার দিকে তাঁর ছেলে বাড়িতে ফিরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় প্রাচীর টপকে বাড়িতে ঢোকেন। এরপর শোবার ঘরে গিয়ে দেখেন, মেঝেতে তাঁর বাবার রক্তাক্ত লাশ পড়ে আছে।

বগুড়া শহরের ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল রাতের কোনো একসময় জামাল উদ্দিনকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

পরিদর্শক জালাল উদ্দিন আরও বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করার প্রস্ততি চলছে।