শিবচরে বিরোধপূর্ণ জায়গায় গাছের চারা লাগাতে গিয়ে হামলার শিকার নারীর মৃত্যু

কাঠের আঘাতে বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। আহাজারি করছেন স্বজনেরা। রোববার দুপুরে শিবচরের উমেদপুর ইউনিয়নের কদমতলী এলাকায়
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলায় বিরোধপূর্ণ বাড়ির উঠানে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে কাঠের আঘাতে আলেয়া বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলী এলাকায় হায়দার হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে প্রতিবেশী জব্বার হাওলাদারের। আজ সকালে বিরোধপূর্ণ বাড়ির উঠানে হায়দার মেহগনি গাছের চারা লাগাতে যান। এ সময় বাধা দেন প্রতিবেশী জব্বার ও তাঁর লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে কাঠের খণ্ডের আঘাতে হায়দারের মা আলেয়া বেগম মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় আলেয়াকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আজ দুপুরে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে আটক করেছে।

ঘটনার পর থেকে জব্বার হাওলাদারসহ অন্যরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির সেরনিয়াবাদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে আবার সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে জেলা সদর হাসপাতালের মর্গে।