নাটোরের লালপুর উপজেলায় গ্রাম পুলিশের এক সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার উত্তর লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আলামিন বিশ্বাস (২৮)। তিনি একই গ্রামের হুমায়ন কবির বিশ্বাসের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের পর আবার বিয়ে করেন আলামিন। তাঁর সঙ্গেও আলামিনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। প্রায় তিন মাস আগে বাবার বাড়িতে চলে যান তাঁর দ্বিতীয় স্ত্রী। গতকাল রাত ১১টার দিকে নিজ কক্ষে ঢোকেন আলামিন। প্রায় ১১টা ২০ মিনিটের খাবার দিতে গিয়ে কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ পান তাঁর মা মনোয়ারা বেগম। পরে প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে ঝুলছেন আলামিন। ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।
দ্বিতীয় স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার পর থেকে আলামিন বিষণ্নতায় ভুগছিলেন জানিয়ে মা মনোয়ারা বেগম বলেন, গতকাল রাতে জান্নাতুলের সঙ্গে ভিডিও কলে কথা বলার পরপরই আলামিনের সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় আলামিনের মা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভিডিও কলে কথা বলতে বলতে তিনি আত্মহত্যা করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।