
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইনের পাশ থেকে তানজিদ হাসান ওরফে নাঈম (২০) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উপজেলার দুর্গানগর ইউনিয়নের বামনগ্রাম হাটখোলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তানজিদ সিরাজগঞ্জ পৌর শহরের কালীবাড়ি মহল্লার আবদুল মোমিনের ছেলে। তিনি সদর উপজেলার বাগবাটি আবদুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ট্রেন থেকে পড়ে তানজিদের মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে বামনগ্রাম হাটখোলা এলাকায় রেললাইনের পাশে এক তরুণের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তরুণের লাশ উদ্ধার করে।
আবদুল মোমিন বলেন, গত সপ্তাহে তানজিদ লালমনিরহাট জেলার পাটগ্রামে চাচার বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে গতকাল মঙ্গলবার সকালে লালমনি এক্সপ্রেস ট্রেনে তানজিদ বাড়ি ফিরছিলেন। ট্রেনে ওঠার পরও তাঁর সঙ্গে মুঠোফোনে তানজিদের কথা হয়। তবে এরপর তানজিদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তানজিদের লাশের মাথা, মুখ ও শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে ওই তরুণের মৃত্যু হতে পারে।