আহত শ্যামল দাস। আজ রোববার সকালে খানপুরের নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালের সামনে
আহত শ্যামল দাস। আজ রোববার সকালে খানপুরের নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালের সামনে

ফতুল্লায় মাদক ব্যবসায়ে বাধা দেওয়ায় একজনকে কুপিয়ে আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ে বাধা দেওয়ায় একজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে ফতুল্লা শহরের জামতলা ধোপাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আহত শ্যামল দাস (৫৫) ফতুল্লা শহরের জামতলা ধোপাপট্টি এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইর এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগে শ্যামল দাস উল্লেখ করেন, এলাকায় কয়েকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি তাঁদের এ বিষয়ে বাধা দেওয়ায় তাঁরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় তাঁকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, আজ সকাল সাড়ে আটটার দিকে অভিযুক্ত মিরাজ ও আরাফাতসহ ১০ থেকে ১২ জন দেশি অস্ত্র নিয়ে শ্যামল দাসের বাসার সামনে এসে তাঁকে গালাগাল দিতে থাকেন। প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। এ সময় মিরাজ ধারালো দা দিয়ে তাঁর মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। আরাফাত চাপাতি দিয়ে কোপ দিতে এলে তিনি হাত দিয়ে ঠেকান। এতে তাঁর বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত লেগে কেটে যায়। এ সময় অন্যরা লোহার রড, স্টিলের পাইপ ও লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। যাওয়ার আগে তাঁরা এ বিষয়ে মামলা করলে তাঁকে হত্যার হুমকি দিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় শ্যামলকে খানপুরের নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’