বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাঁচ কর্মদিবসের মধ্যে শিক্ষক নিয়োগ না দিলে আমরণ অনশন

প্রশাসনিক ভবনে তালা দিয়ে তৃতীয় দিনের মতো শিক্ষক নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা
 ছবি: প্রথম আলো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। আজ বুধবার প্রশাসনিক ভবনের সামনে তালা দিয়ে তাঁরা এই কর্মসূচি পালন করে।

ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সরোয়ার হোসেন বলেন, ‘আমাদের বিভাগ ছয়টি ব্যাচের ৩৫১ জন শিক্ষার্থী রয়েছেন। যেখানে ১৭  শিক্ষক থাকার কথা সেখানে আছে মাত্র ২ জন শিক্ষক নিয়োগের ব্যাপারে আজ সন্ধ্যা ছয়টা মধ্যে ইউজিসি বা শিক্ষামন্ত্রী স্বাক্ষরিত ডকুমেন্ট চাই, তা না হলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের বন্ধ করে দিয়ে আমরা আমরণ অনশনে যাব।’

তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামরুন্নাহার মিম প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পরীক্ষায় আমরা প্রথম দিকে সিরিয়ালে ছিলাম। বিবিএ ফ্যাকাল্টির সবচেয়ে ভালো বিভাগ হচ্ছে  ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। আমরা সেই বিভাগে ভর্তি হয়েছি। ভালো ফল করব। কিন্তু আমাদের তৃতীয় বর্ষের পাঁচটি কোর্সের মধ্যে  রিয়েল এস্টেট ফাইন্যান্সিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও  ইনস্যুরেন্স অ্যান্ড ব্যাংকিংয়ের এখন পর্যন্ত কোনো ক্লাস হয়নি। এ ছাড়া ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিসিশন ও লিগ্যাল  এনভায়রনমেন্ট ইন বিজনেস কোর্সের অর্ধেক শেষ হয়নি। শুধু মানি অ্যান্ড ব্যাংকিং কোর্সের ক্লাস হয়েছে।

শিক্ষকসংকটের কারণে পরীক্ষার আগে তাড়াহুড়ো করে ক্লাস নেওয়া হয়। এতে আমরা ভালোভাবে পড়া বুঝতে পারি না। ফলে আমাদের পড়ালেখার মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা শিক্ষক নিয়োগের মাধ্যমে এসব সমস্যার সমাধান চাই।’

প্রথম বর্ষের শিক্ষার্থী এস এন রতন বলেন, ‘আমরা এ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত দু–একটা  ক্লাস হয়েছে। ক্লাস শুরু হওয়ার সাত মাসের মধ্যে আমরা কোনো মিডটার্ম পরীক্ষা দিতে পারিনি এবং আমাদের দুটি কোর্স এখনো শুরু হয়নি। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক যে আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় অন্য বিভাগের শিক্ষার্থীরা সব ধরনের পরীক্ষা শেষ করেছে। আমরা মানসিক চাপের মধ্যে আছি। আমরা এখন পরিবার ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যাচ্ছি। পাঁচ কর্মদিবসের মধ্যে আমাদের বিভাগে শিক্ষক নিয়োগ দিয়ে আমাদের দাবি পূরণ না করলে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি ঘোষণা দেব।’

আজ বুধবার বেলা সাড়ে ১০টায় সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা মেরে ফটকের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন‌। এ সময় শিক্ষার্থীরা ‘শিক্ষা তাঁদের মনেপ্রাণে তাঁরা কেন আন্দোলনে’,‘শিক্ষক চাই, শিক্ষক চাই, আশ্বাস আশ্বাস আর নয় বিশ্বাস’, ‘জবাব চাই জবাব চাই প্রশাসনের জবাব চাই, জেগেছে রে জেগেছে ফাইন্যান্স জেগেছে’, ‘শিক্ষক বিনা শিক্ষা চলে না চলে না’, ‘এক দফা এক দাবি, ফাইন্যান্সে শিক্ষক দিবি’, ‘হয় মোদের শিক্ষক দিবি, নাহয় মোদের প্রাণ নিবি’—এসব স্লোগান দিতে থাকেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষক নিয়োগের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে সোমবার বেলা ১১টা থেকে উপাচার্যে কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। ওই দিন শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলকে ডেকে নেন উপাচার্য এবং শিক্ষক দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘ইউজিসি থেকে শিক্ষক নিয়োগের একটা প্রক্রিয়ায় আছে, সেগুলা মেইনটেইন করে শিক্ষক পেতে অন্তত দেড় মাস সময় প্রয়োজন। এই সময়টা আমাকে দিতে হবে।’ কিন্তু শিক্ষার্থীরা তা না মেনে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পুনরায় বিকেল চারটায় উপাচার্য আন্দোলনস্থলে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপাচার্য আজ (বুধবার) ইউজিসিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যাবেন বলে আশ্বস্ত করলেও শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগের  চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৩৫১ জন শিক্ষার্থীর বিপরীতে মাত্র দুজন শিক্ষক রয়েছেন। শিক্ষার্থীরা শিক্ষক চাইছে, এটা তাদের মৌলিক অধিকার। শিক্ষকের জন্য আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ( ইউজিসি) ও শিক্ষামন্ত্রীকে জানিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল নিয়ে গোপালগঞ্জ থেকে ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের ( ইউজিসি) কার্যালয়ে যাওয়ার জন্য রওনা দিয়েছি।’