হাতীবান্ধায় নৌকায় ভোট দিতে রাজি না হওয়ায় হুমকি দেওয়ার অভিযোগ

নির্বাচন
প্রতীকী ছবি

লালমনিরহাটের হাতীবান্ধায় সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে নৌকায় ভোট দিতে রাজি না হওয়ায় দেশছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার গড্ডিমারী ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিকের (৫০) বিরুদ্ধে।

এ বিষয়ে গতকাল রোববার বিকেলে আবু বক্কর সিদ্দিকসহ ২২ জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার সিন্দুর্না ইউনিয়নের বাসিন্দা ব্রজেন্দ্রনাথ বর্মণ (৪৩) নামের এক ব্যক্তি।

আবু বক্কর সিদ্দিক লালমনিরহাট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা। এ ছাড়া তিনি হাতীবান্ধার বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ ও উপজেলার গড্ডিমারী ইউপির চেয়ারম্যান।

সিন্দুর্না ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনে আগামী বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তাঁরা হলেন আওয়ামী লীগের নুরল আমীন, জাতীয় পার্টির তৌহিদ হাসান খান ও স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় আট থেকে নয়টি মোটরসাইকেলের বহর নিয়ে নৌকা প্রতীকের প্রচারণায় পূর্ব সিন্দুর্না গ্রামে যান গড্ডিমারী ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক। তিনি গ্রামের লোকজনকে নৌকায় ভোট দিতে বলেন। এতে রাজি না হওয়ায় ওই গ্রামের ব্রজেন্দ্রনাথ ও তাঁর স্ত্রীর ওপর ক্ষিপ্ত হন আবু বক্কর। এ সময় আবু বক্কর ও তাঁর লোকজন চড়াও হয়ে লোহার রড ও চাকু (ডেগার) উঁচিয়ে হুমকি দেন। তাঁরা বলেন, নৌকায় ভোট না দিলে পিটিয়ে হাত-পা ভেঙে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে।

এসব অভিযোগের বিষয় জানতে আবু বক্কর সিদ্দিকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন ধরেননি। আজ সোমবার বেলা তিনটার দিকে চেয়ারম্যান প্রার্থী নুরল আমীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে মো. আনারুল নামের একজন ফোন ধরেন বলেন, তিনি (নুরল আমীন) ব্যস্ত আছেন। পরে কথা বলবেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’