
চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নে নবনির্মিত যুবলীগের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। উদ্বোধনের পাঁচ ঘণ্টার মাথায় গতকাল বুধবার রাত পৌনে আটটার দিকে যুবলীগের ওই কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এর আগে একই দিন বেলা আড়াইটার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওহিদুল ইসলাম ওরফে শরীফের বাড়িতে হামলা হয়। এ সময় ওই বাড়ির দরজা-জানালা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
যুবলীগের নেতাদের অভিযোগ, বিএনপি নেতা ওহিদুলের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল যুবলীগের কার্যালয়ে হামলা চালিয়েছে। তবে পাল্টা অভিযোগ করেছেন ওহিদুল। তিনি বলেন, বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুল ইসলামের লোকজন প্রকাশ্যে তাঁর বাড়িঘর ভাঙচুর করেছে। এদিকে পরপর দুটি হামলার ঘটনার পর রাত সোয়া ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটদারোগাহাট ও পৌরসদরের ফকিরহাট এলাকায় দুটি ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে।
যুবলীগ নেতা সাইদুল প্রথম আলোকে বলেন, গতকাল বেলা তিনটার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে যুবলীগের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনের পাঁচ ঘণ্টা পর রাত পৌনে আটটার দিকে ওহিদুলের নেতৃত্বে অস্ত্রধারী ৫০ থেকে ৬০ যুবক যুবলীগ কার্যালয়ে হামলা চালান। প্রথমেই হামলাকারী ব্যক্তিরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। এরপর তাঁরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কার্যালয়ের বেড়া কেটে ফেলেন। পরে হামলাকারী ব্যক্তিরা মিছিল করতে করতে সেখান থেকে চলে যান।
যুবলীগের কার্যালয়ে হামলার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেলের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জাহাজের সিগন্যাল লাইটেরও অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল রাতে সীতাকুণ্ড থানায় একটি মামলা করেছে যুবলীগ।
হামলার অভিযোগের বিষয়ে ওহিদুল ইসলাম বলেন, টেরিয়াইল এলাকায় যুবলীগের কার্যালয় আছে, সেটা তিনি জানেন না। এ ছাড়া তিনি চট্টগ্রাম শহরে আছেন। তাই ওই কার্যালয়ে হামলার প্রশ্নই আসে না।
উল্টো সাইদুল ইসলামের লোকজন তাঁর বাড়িতে হামলা চালিয়েছে দাবি করে ওহিদুল বলেন, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়ন বিএনপির রাজনীতি থেকে দূরে আছেন। পরিবারের সদস্যদের নিয়ে তিনি এখন চট্টগ্রাম শহরে থাকেন। গতকাল দুপুরে একাধিক শুভাকাঙ্ক্ষী তাঁকে মুঠোফোনে জানায়, সাইদুলের লোকজন তাঁর গ্রামের বাড়িতে হামলা চালিয়ে দরজা-জানালা ভাঙচুর করেছে। কেন হামলা হলো, সেটা তিনি জানেন না। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, যুবলীগের কার্যালয়ে হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যুবলীগের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ট্রাক ভাঙচুরের বিষয়ে জানে না পুলিশ
গতকাল রাত সোয়া ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটদারোগাহাট ও পৌরসদরের ফকিরহাট এলাকায় দুটি ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ট্রাকের চালক মোহাম্মদ শরীফ প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দর থেকে গার্মেন্টসের কাঁচামাল বোঝাই করে তিনি ঢাকার দিকে যাচ্ছিলেন। রাত সোয়া ১১টার দিকে ছোট দারোগাহাট এলাকায় পৌঁছানোর পর টয়লেটে যাওয়ার জন্য গাড়ি থেকে নামেন। এ সময় বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৫ থেকে ৬ জন যুবক নেমে এসে ট্রাক ভাঙচুর করে। একপর্যায়ে হামলাকারীরা তাঁর মানিব্যাগ, লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
তবে ট্রাক ভাঙচুরের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সামিউর রহমান।