
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবগুলো পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা জয় পেয়েছেন। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হলে এ তথ্য জানা যায়। গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদে আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। নির্বাচনে সমিতির ৮৯৬ জন ভোটারের মধ্যে ৭৪০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সভাপতি পদে ৪১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফয়জুল হক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এস এম সাদিকুর রহমান পেয়েছেন ২৯৪ ভোট। আর গণতান্ত্রিক আইনজীবী ফোরামের হিরন কুমার দাস পেয়েছেন ২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন ৪০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আবুল কালাম আজাদ পেয়েছেন ৩২৭ ভোট। সহসভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সালাউদ্দিন সিপু ও বিষ্ণুপদ মুখার্জী নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মোল্লা গিয়াস উদ্দিন, মো. হুমায়ুন কবির খান ও অর্থ সম্পাদক পদে একই প্যানেলের আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদেও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সোলাইমান আহমেদ, মাইনুল হাসান, মো. জালাল আরিফিন ও সঞ্জীব কুমার সরকার নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক সৈয়দ গোলাম মাসউদ বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পদে প্রতিদ্বন্দ্বিতা করে। এ ছাড়া গণতান্ত্রিক আইনজীবী পরিষদ থেকে শুধু সভাপতি পদে হিরন কুমার দাস প্রতিদ্বন্দ্বী ছিলেন।