
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় ছত্রাজিৎপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রিনা বেগম (৩০)। তিনি শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে মনিরুল ইসলাম পলাতক। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, মনিরুল ইসলাম ও রিনা বেগমের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় আবার তাঁদের ঝগড়া হয়। এ সময় একটি বঁটি দিয়ে রিনা বেগমের পেটে ও মাথায় কোপ দেন মনিরুল ইসলাম। এতে গুরুতর আহত হন রিনা বেগম।
স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যা শিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। রাজশাহীতে যাওয়ার পথে রিনা বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।