
বান্দরবান শহরে দুই বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে শফিউল আলম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ওই যুবককে এক লাখ এক টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শফিউল আলম কক্সবাজারের ভারুয়াখালি গ্রামের চৌধুরীপাড়ার আবদুল হাকিমের ছেলে। তিনি বান্দরবান জেলা শহরে শ্রমিক হিসেবে কাজ করতেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি বাসিংথুয়াই মারমা রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
মামলার ১৩ জন সাক্ষীর মধ্যে চিকিৎসক, পুলিশসহ ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আসামি শফিউলের পক্ষে কোনো আইনজীবী ও সাফাই সাক্ষী না থাকায় রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
রায়ে আদালত বলেছেন, ডিএনএ পরীক্ষা, ডাক্তারি প্রতিবেদন, সাক্ষীদের সাক্ষ্য ও পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে আসামি শফিউল দুই বছরের শিশুকে জঘন্যভাবে ধর্ষণ করেছেন। এ অবস্থায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯ (১) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ এক টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ‘প্রমাণিত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করা গেলে অপরাধীরা শিশু ধর্ষণের মতো অপরাধ সংঘটনের আগে হাজারবার চিন্তা করবে। এতে নারী, শিশু ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হবে।’
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় দুই বছরের এক শিশুকে আদর করার ছলে শফিউল আলম তাঁর ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির পরিবার ও শফিউল একই বাসায় পাশাপাশি ভাড়া থাকতেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি শফিউলকে আটক করে পুলিশ। একই বছরের ২১ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা করা হয়। পুলিশ তদন্ত করে ওই বছরের ১৬ আগস্ট আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।